ফুলের মতো ভাত
সাইয়িদ রফিকুল হক

আউশ-ধানের ভাতে ছিল
ফুলের মতো সুবাস,
তোমরা যারা খাচ্ছো নকল
করবে নাতো বিশ্বাস।
গ্রামগুলো যে ছিল আগে
সোনাধানের আকর,
এখন দেখি নতুন চালে
আছে কত কাঁকড়!

ফুলের মতো ভাতই ছিল
আমার সোনার দেশে,
হাইব্রিডের আগমনে
সব যে গেল ভেসে!
তবুও ভলো কৃষক এখন
পাচ্ছে অনেক ফসল,
বানের জলে হারায় নাকো
সব চাষী তার আসল।
তবুও দেখি মনে পড়ে
কত আগের কথা রে,
এমন সুন্দর গ্রামগুলো
আর কি ফিরে পাবো রে?

ফুলের মতো ভাতই ছিল
ছিল কত ঘ্রাণ,
একটু খেয়ে স্বাদানন্দে
ভরে যেতো প্রাণ!
মাটির হাঁড়ি মাটির সানকি
ছিল সবার ঘরে,
অনেক সুখে ছিল মানুষ
স্বল্প পোশাক পরে।
আজকে দেখি ছুটছে মানুষ
ধনসম্পদের নেশায়,
ফুলের মতো ভাত খেয়ে
দিন কাটবে কবে আশায়?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৭