খুবলে খাচ্ছে সোনার দেহ
সাইয়িদ রফিকুল হক

আকাশে শকুন পাতালে শকুন,
শকুনই এখন করছে মানুষখুন!
শকুনগুলো বিশাল ডানার ভয়ানক,
মারছে মানুষ নিষ্ঠুর ক্রোধে আচানক!

মাঝে-মাঝে শকুনগুলো পড়ছে ফেটে
ভয়ানক অট্টহাসিতে,
শান্তি-সুখের স্বপ্ন-বাঁচাতে
কে ঝুলাবে এদের ফাঁসিতে?

শকুনের ওই ডানাঝাপটানোর শব্দে
আঁতকে ওঠে মানুষ ভালো,
শকুনের জ্বালায় নিভে গেছে
বীর-জাতির স্বপ্ন-আলো!

আসছে শকুন আসছে দলে-দলে
খুবলে খাচ্ছে সোনার দেহ,
পরাজিত শকুন-মারার
এই দেশটাতে নাই কি কেহ?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৬, মধ্যরাত।