মাহিনা ব্যাপী ঐ রমজান শেষে
এসে গেল খুশীর ঈদ;
কচি কাঁচা সবি আনন্দ উল্লাসে
যেন চোখে নেই নিদ।

কে গরীব ধনী নেই কারো মনে
এক বৃন্তেরই তো ফুল;
তাঁর আদর্শ সবার হৃদয় কোণে
তিনি মোহাম্মদ রাসূল।

যাদের ঘরে নেই, কাপড়, অন্ন
আমরা যে, যতটুকু পারি;
মিটিয়ে দেব কষ্ট যাতনা দৈন্য
দেব স্নেহ মমতায় ভরি।

নামাজে দাঁড়াবো এক কাতারে
পড়বো আল্লাহর কালাম;
করব কোলাকুলি সৌহার্দ ভরে
চলবো মেনে ঈদ পয়গাম।