প্রভু, সৃজিলে তুমি সুন্দর এ পৃথিবী
ভরেও দিলে লক্ষ প্রাণে তরুলতায়;
প্রাণীতে এঁকেছ নানান রং ঢঙ ছবি
ঢেলে দিলে ফুল সৌরভ সজীবতায়।
পৃথ্বী ভিত্তি যেন অতল সমুদ্র ‘পরে
জলেও জগত কোটি প্রাণের আবাস;
তাই কি শুধু, জলস্তূপ চোখের ‘পরে
হৃদয়ে ভয় ভীতি, কপালে উপহাস।

চাওয়া পাওয়া, সকল এ নির্ভরতা
অধীন স্বাধীন এও তোমার-ই রূপ;
তুমি-ই সর্বে সর্বা জনয়িতা বিধাতা
রও অদৃশ্যে তুমি কত না অপরূপ।
আগুন বাতাস মাটি, জলে স্থলে প্রাণে
এক বিস্ময়, সৃষ্টি, কি অন্বিত মিলনে।

চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ