দ্বিধাময় পরবাসের খোসা ছেড়ে
ধুলো ও দুঃখের পৃথিবীতে এসে
একবার ধরা দাও।
হাতে রাখো হাত।
ঘৃণা ও পাপের শহরের মুছে যাক
সব জালিয়াত।
রূপকথার অবিশ্বাস্য বর্ণনাকে দৃশ্য করে , দেখাও
তোমার শরীরের প্রস্ফুটিত নমুনা।
ঠোঁটের ইতস্তত ওড়াউড়ি শিল্পের মাধুর্যকে ছুঁয়ে গেলে
মুহূর্তগুলো বন্দী হয় আচমকা প্রনয়পিপাসায়।
অমনি একজোড়া স্বাদিত চোখ প্রবাদমাখানো স্বাতী বুকের কাছে
আজীবনের জন্য ঋণী হয়।
সহস্র ধাঁধাঁ আর জ্যোৎস্নার তিনকোনা মায়াজালে
মূর্ছা যায় ; ‘গভীর রাতের পুরস্কার’।

উৎসব ভেঙে—
ইতিহাস বলল বিষপান।
আমি বললাম প্রণাম।