সব ছেলে বাবার পরিচয়ে বাঁচে
কিন্তু আমি বাঁচি ছেলের পরিচয়ে।
এ কথা বলছি গর্ব করে,
লজ্জায় নয়, নয়গো ভয়ে।
ওর গানের গলায়- বসন্তের কোকিল-
প্রতিবেশীরা মুগ্ধ।
ওর হাত ধরেই জিতেছি আমি
দুঃসময়ের খন্ড যুদ্ধ।
আমি ওকে খাওয়াতে পারিনি ভালোভাবে,
ও আমাকে খাওয়ায় ভালোবেসে।
অন্ধকার দিনগুলো ছিল কান্নায় ভরা-
এখন দিন কাটে হাওয়ার সাথে হেসে।
ওর গান ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে,
বয়ে যাক আলোর বেগে, জলের স্রোতে।
আমার ক্ষুদ্র সংসার হোক অজেয়:
হৃদয়ের সবুজ মিলে যাক আকাশের নীলিমাতে।
সবার মুখে ওর সুনাম,
আমিতো বদনাম পেয়ে মানুষ!
ঘুমন্ত মানুষের শীতল জীবনে
ওর গলা এনেছে প্রাণের হুঁশ।
ভালো কাজ করেছি আমি সত্যিই,
তার ফল দিচ্ছেন ভগবান।
সবার সাথে গাইছি আমি তাই আজ
ওরই জয়গান।
মন্তব্য (7)