দিনটা মনে নেই , সময়টা  ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাস।  আমি কলেজের গন্ডি পেরিয়ে , কলকাতার এক অফিসে সেলস ইঞ্জিনিয়ার।  সকালবেলা , নাকে মুখে গুঁজে , লোকাল ট্রেন ধরে , শিয়ালদা আসতাম তারপর সেখান থেকে হেঁটে যেতাম রাজা সুবোধ মল্লিক স্কোয়ার।  হাঁটাটা স্বাস্থ্য রক্ষার জন্য নয় , সেই অফিসের ব্যস্ত সময়ের ভীড় এড়ানোর জন্য।  বেসরকারী অফিস , নটার মধ্যে পৌঁছাতে হবে , তাই ট্রেন থেকে নেমেই দৌড়ানোর থেকে একটু কম বেগে হাঁটতে শুরু করে দিতাম। সেদিন ৮-১৩ এর সোনারপুর লোকাল ধরতে পারিনি, ৮-২৬ এর ক্যানিং লোকালে যখন শিয়ালদা পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা রীতিমত ধমক দিচ্ছে।
স্টেশন চত্তরে হনহন করে হাঁট তে হাঁট তে , একজনের সাথে ধাক্কা লাগতেই , অভদ্রের মত চিত্কার করে উঠলাম।
" দেখতে পাওনা ? অন্ধ নাকি ? "
আমাকে লজ্জায় মাটিতে মিশিয়ে লোকটি বলল , " মাফ করবেন বাবু , আমি অন্ধ , চোখে দেখতে পাইনা। "
এই কলি যুগে ধরনী দ্বিধা হয়ে আমাদের মত পাপী তাপীদের আশ্রয় দেয় না। আমি যত, "সরি, সরি " বলি , লোকটি বার বার বলতে থাকে , " না , বাবু , আপনার কি দোষ ? যাকে ভগবানই মেরে রেখেছে .....