নিঝুম রাত
✍️ পার্থ বসু
নিঝুম যে এই রাতে,
কই কথা কার সাথে?
বলো কেন সাথীহারা,
আছে দেখো কত তারা।
জোনাকিরা কত এলো,
মিটমিট করে আলো।
ঝিঁঝিঁ পোকা ডাকে ঐ,
তার সাথে কথা কই।
মেঘ ভেঙে ওঠে চাঁদ,
মনে জাগে কতো স্বাদ।
দেখো চেয়ে ঐ চাঁদে,
চাঁদবুড়ি ভাত রাঁধে।
মেঘে মেঘে ছবি আঁকে,
রাতজাগা পাখি ডাকে।
বাঁশবনে হাওয়া বয়,
তারা মর্মরে কথা কয়।
তরুশাখে ফুলকলি,
তারই সনে কথা বলি।
ঝিরিঝিরি ঝরে বারি,
খেয়াঘাটে বাঁধা তরী।
জনহীন রাতে আজি,
বাড়ি ফিরে গেছে মাঝি।
আজ নদীর যে ঐ বুকে
জল বয় কতো সুখে।
নদীমাঝে ডিঙি বেয়ে
যায় জেলে গান গেয়ে।
কান পেতে শুনি দূরে,
বাঁশি ঐ বাজে সুরে,
হয়তো পান্থ কোনো
চলে আজ বহু দূরে।
আজ বৃষ্টির ঐ জলে
ভরে গেছে খালবিলে।
ভিজে যাওয়া ঘাস ঐ
আজ কত যে কোমল,
পায়ে পায়ে চলা পথ
আজ হয়েছে পিছল।
চেয়ে দেখি পূবে ঐ
বুঝি আলোকিত হলো,
অগোচরে বুঝি এই
রাত পোহালো।
বুঝি এখুনি যে রাত শেষে
ঐ আসিবে প্রভাত,
অনায়াসে কেটে গেল
বুঝি নিঝুম এই রাত।
মন্তব্য (1)