বলেছে তো অনেক কিছুই, সব কিছু কি আর বলা যায় ! লেখাও যায় না, তবে অনুভবে অনুভূতিতে উপলব্ধি করা যায় । কি দুঃসহ জীবন যাপন এদের ! হ্যাঁ, ঠিক তাই, এই দুঃসহ যাপিত জীবন কলমে আঁকা যায় না, গত দিনগুলোর ক্ষত কোন কিছু দিয়েই ঢাকা যায় না, ফিরেও আসে না সেই সব ঘটনা আর অঘটনের দিনলিপি । তবুও আবার নতুন করে বেঁচে থাকার, নতুন ভাবে জীবন গড়ার স্বপ্ন দেখে ওরা । সেই স্বপ্নগুলো কিছুটা চোখে কিছুটা বুকে কিলবিল করে, কখনো নিঝুম রাতের আঁধারে আবার কখনো দিনের ঝলমলে আলোয় । কিছু ফানুষে খায়, কিছু মানুষে খায় । অতঃপর উচ্ছিষ্ট যা থাকে তাই নিয়ে ওরা বেঁচে থাকে ; আরেক শ্রেনীর মানুষ যারা পৃথিবীতে বিলুপ্ত প্রায় প্রানীর মতো নিজেদের অস্ত্বিত্বটাকে টিকিয়ে রাখার যুদ্ধে ব্যস্ত থাকে তারাও স্বপ্ন কিনে ওদের থেকে, স্বপ্নের বাণিজ্য করে , আমদানী – রপ্তানি করে, লাভে লোকসানে পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখে । গোলার্ধের কেন্দ্র বিন্দু থেকে অনেক দূরে যেখানে অক্ষরেখা অষ্পষ্ট সেখান থেকেই ওদের পৃথিবীর হিসেব নিকেশ শুরু হয় । যাই হোক, এবারে আসা যাক আসল কথায়, কথায় কথায় অল্প দিনের রঙীন জীবনের বিগত ইতিবৃত্ত বিগলে বেড়িয়ে আসে যখন তখন সামাজিকতার গণ্ডী, বয়সের ব্যবধানের গণ্ডী , রাজনৈতিক গণ্ডী মাথায় থাকে না । চরম হতাশা, দুঃখ, গ্লানি , বঞ্চনার যে পিণ্ডটা পেটের ভেতর থেকে বেড়িয়ে আসতে চায় বার বার প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু পারে না , সেটা অন্যরূপে বেড়িয়ে আসে তখন । সেটাকে সঠিক সময়ে সুষ্ঠ লালন করতে পারলে জানা যায় অনেক কিছু । এমনি কিছু বিঃস্বাদময় জীবনের স্মৃতিকথা শোনার সৌভাগ্য হয়েছে আমার । যদিও গণ্ডীর বাঁধা পেড়িয়ে সেই মরুভূমির খাঁ খাঁ রুদ্দোরে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য ব্যাপার তবুও সাধিত হয়েছে , সেই বিচিত্র অভিজ্ঞতা কলম আর ক্যানভাসে কতটা ফুটবে জানিনা তবুও চেষ্টা রইল কেননা এই আঁকিবুঁকির রেখাপাত চিহ্নিত হয়ে যদি সমাজের কোন এক গলির কোন এক ডেরার বিশৃঙ্খল গতিবিধিকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তবে যে সার্থক হবে এই সাধনা ।

“কাকা, তোমি জান না, কি দারুণ একটা জীবন ছিল আমার ! মা-বাবার প্রত্যাশার বাইড়ে রোজগার দিয়ে শুরু হয়েছিল আমার জীবন, পড়াশোনা আর হবে না, সেটা বুজে গেছিলাম ক্লাস এইটের ফাইনাল পরীক্ষার সময়েই, বসে থেকে তিন চারটা বছর কাটিয়ে দিলাম, তোমাদের সঙ্গে দু-একদিন জিন্দাবাদ জিন্দাবাদ করলাম, কিছু কিছু ভাবনা যখন মাথায় আসতে শুরু করলো, ভবিষ্যতের প্রতিষ্ঠার পোকাটা যখন মাথায় কামড় দিত, একটা হতাশা এসে গ্রাস করতো আমায়, আর দশটা সমবয়সী ছেলের চাইতে আমার চিন্তাটা, ভাবনাটা যেন একটু বেশীই ছিল, পরিণত ছিল । ঠিক সে সময়ে একটা অসাধারন রঙ্গীন স্বপ্নপুরীতে প্রবেশ করলাম আমি, অফুরান স্বপ্ন, ভালো লাগা, রোজগার আর সহমর্মিতায় আমি ভেসে গেলাম কিছু দিনের মধ্যেই । কাড়ি কাড়ি টাকা আর বয়সের উদ্দামে ধরাকে সরা জ্ঞান করতে লাগলাম আমি । কিন্তু মায়ের বুক ঠিক ধরফর করতো, আমাকে বারবার সাবধান করতো । আমি তখন অর্থ যশ প্রতিপত্তির নেশায় বুঁদ হয়ে ভালো মন্দের বিচার বিশ্লেষণ ভুলে গেছিলাম ।“ –এভাবেই শুরু করেছিল সে । শ্রাবণের শেষ সোমবার, শিবমন্দিরে ঘন ঘন ঘন্টার আওয়াজ শোনছিলাম নদীর পাড়ে বসে । শেষ বিকেলে নদীর স্রোতের কলকল শব্দ আমার খুব পরিচিত, অবসন্ন বিকেলে ক্লান্ত রোদের দুর্বল ও মোলায়েম ষ্পর্শ প্রায়শঃই আমায় হাতছানি দেয় । বর্ষার ভরা নদীর খরস্রোতে অসহায়ের মতো ভেসে যাওয়া বড় বড় গাছের কান্ড, কখনো সখনো ভেসে আসা ডুবে যাওয়া বাড়ি ঘরের ভগ্নাংশ আমার দেখতে বড় ভালো লাগে, তাই বসে থাকি, ভাবতে থাকি, পশ্চিমের লাল আকাশে মনের মাধুরী মিশিয়ে আঁকতে থাকি ছবি ।
পাশে এসে গা ঘেঁষে বসলো, আমি যেনো তার বন্ধু, যেন কতো আপন ! চেহারার দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর সাহস হচ্ছিল না । ভীষন একটা হতাশার গ্লানি গ্রাস করে আছে তাকে, দেখেই বুজা যাচ্ছিল, সে তার মনের গভীরে জমে থাকা জঞ্জালগুলোকে সাফ করতে চাইছে । আমি তার পিঠে হাত রেখে সহানুভূতির স্বরে জানতে চাইলাম, ‘কি হয়েছে ?’ এক রকম কাঁদো কাঁদো হয়েই একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে আরম্ভ করলো আবার,’ কাকা, আজ থেকে বছর আট আগে যখন তোমরা আমাদের মতো যুবকদের স্বপ্ন দেখাতে, ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবার নীতিবাক্য শোনাতে , তখন কিন্তু সেগুলো খুব একটা ভালো লাগতো না, আড়ালে আবডালে পরিহাস করতাম ; ঠিক সেই সময়ে একটা আহ্বান এলো, কিছু করতে হবে না, শুধু সময়ে সময়ে ডাক পরলে সাহস করে মিছিলে যেতে হবে, বিপ্লব করতে হবে, আমাদের রাজ্যে জগদ্দল পাথরের মতো যে সরকারটা বসে আছে, তাকে সড়াতেই হবে, আর এই মিশন সাকসেস হলে এ রাজ্যের সব মানুষের আশা আকাঙ্খা স্বপ্ন সব সবকিছু রাতারাতি পূরণ হয়ে যাবে ।
আমি যখন প্রশ্ন করলাম আমি তো মাত্র এইট পাশ তখন সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের পঞ্চাশটা মানুষের নামের তালিকা দেখিয়ে দিল, ওরা সবাই শুধুমাত্র অষ্টমোর্ত্তীণ বা তারও কম তবুও সবাই সরকারী চাকুরী করে, এছাড়া আমার নাকি আরোও বেশি চান্স আছে কেননা আমি তপশীল জাতিভুক্ত বেকার । এরকম ভাবেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে এগিয়ে গেলাম, কয়েক মাস মেঘ না চাইতে বৃষ্টির মতো টাকা আসতো আমাদের হাতে, টিফিনের নাম করে, পোশাকের নাম করে, আরোও কত বাহানায় যে টাকা আসতো তার ইয়ত্তা নেই । এক সময় একটা মোটর সাইকেল পর্যন্ত পেয়ে গেলাম যদিও সেটা মাত্র দু-মাসের জন্য বলেই দিয়েছিল । এই সমস্ত কান্ড কারখানা দেখে মনে হয়েছিল হাতে যেন স্বর্গ পেয়ে গেছি । সন্ধ্যা নেমে আসলেই মোবাইলে মোবাইলে ম্যাসেজ চলে আসতো, প্রতিদিন নিয়ম করে কোথাও না কোথাও ছোট্ট করে পরিকল্পনা সভা হতো , তার পরেই জলসা ! কত রং রূপ গন্ধ যে ছিল ওইসব জলসাতে তা আমি তোমায় বলে বুজাতে পারবো না কাকা । আমরা যে যেরকম ভাবে খুশী হতাম তাকে তার মতো করে খুশী থাকার ব্যবস্থা করা হতো, অথচ এইসব পরিচালনা করার জন্য দূর থেকে কেউ আসতো না তবে যারা পরিচালনা করতো তারা যে তাদের নিজের ইচ্ছেয় বা বুদ্ধিতে করছে না তা বুজা যেতো । কাকা, তোমায় কি বলবো, সে সময়ে আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম । একটা সময়ে আগের সরকারের মধ্যে যারা যারা নেতৃত্বে ছিল সকলের নামে ভুরি ভুরি কলঙ্কের দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের তালিকা চলে আসলো আমাদের কাছে । আমরা ভাবতে বাধ্য হলাম, ওরা তবে এত খারাপ ! আবার সেই সব তথ্য যাচাই করা বা ভালো ভাবে জানার মতো সময়ও ছিল না আমাদের হাতে কেননা সামনেই নির্বাচন ।
এভাবেই এক আকাশ সমান স্বপ্ন নিয়ে নিজেদের জানের ভয়কে তুচ্ছ করে খাটাখাটুনির পর একদিন যখন সত্যি সত্যিই সরকার পরিবর্তন হয়ে গেলো, সাময়িক কয়েকদিন মনে হচ্ছিল, স্বর্গ বুজি নেমে এলো । ছয় মাস ঘোরের মধ্যে কেটে গেল, রাস্তায় হাঁটলে যেন পা মাটিতে পড়তো না । বয়জেষ্ঠ, অভিভাবক এসব বিষয় যেন একেবারে উবে গেছে । কখনো মনে হতো আমি রাজপুত্র, কখনো আমি রাজা আবার কখনো মনে হতো আমার হাতে যেন আলাদীনের প্রদীপ পেয়ে গেছি । তখনো সাবালক হইনি আমি, ভোট কিভাবে দিতে হয় জানি না তবে এটা জেনে গেছি, বিরোধী ভোটারদের এলাকা ছাড়া করতে হবে, চাঁদা নিতে হবে, এদেরকে নাস্তানাবুঁদ করতে হবে, যেভাবেই হোক এলাকা ছাড়া করতে পারলে আরোও ভালো, এঁরা যেন মাথা তোলে না দাঁড়াতে পারে, কেননা এক্ষুণি দমিয়ে না রাখলে বেশীদিন ভালো থাকতে পারব না । তাই এলাকার মধ্যে যাকে যেভাবে দমানো যায় তাকে সেভাবেই দমানোর নির্দেশ অনুশারে কারোও বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছি, কাউকে কাউকে হাতের কাছে পেলেই হাতের ঝাল মিটিয়েছি আবার কারোর কাছ থেকে মোটা অংক নিয়ে নিজেরা ভাগ করে নিয়েছি । কেউ কেউ আবার অন্য ভাবে দমানোর ছক কষে আমাদের বলে দিয়েছে একে ওকে যেন বেশী দাওয়াই না দেওয়া হয়, এভাবেই ফুরফুরে হাওয়ায় উড়ে যাওয়া পালকের মতো ভাসতে ভাসতে কাটতে থাকে দিন ।
একটা সময়ে দেশপ্রেমের দোহাই দিয়ে বিরোধীদের শায়েস্তা করার নামে আমার হাতে আসলো কৌটা । নিশ্চয়ই কৌটা নামের সাথে তোমিও পরিচিত, এগুলো ব্রাউন সুগার নয়, ব্রাউন সুগারের ছাই ভষ্ম জাতীয় কিছু একটা হবে । আমাকে বলা হলো যতদিন না অন্য কোন ব্যবস্থা হচ্ছে মানে চাকুরী না হচ্ছে ততদিন রোজগারের একটা অস্থায়ী ব্যবস্থা হচ্ছে এই কৌটা । নিয়মিত খুব কমদামে সরবরাহ করা হবে, আমি আমার যত ইচ্ছে চড়া দামে বাজারে বিক্রি করতে পারবো । সঙ্গে এই সাবধান বানীও দেওয়া হল, কোনদিন যেন ভুলেও নিজে চেখে দেখার সাহস না করি এমন কি আমার দলের ছেলেপুলেদের নিকট না বিক্রি করলেই ভালো । একটা অজানা উৎসুক ভেতরে ভেতরে কাজ করছিল, খুব অল্পদিনে আমি এই কৌটা বিক্রির পসার বেশ ভালোই জমিয়ে ফেলেছিলাম । খদ্দের দেখলে অবাক হয়ে যেতাম, এরাও ! আমাকে যেহেতু এই কৌটার (নেশার) ভয়াবহতা বলা হয়েছিল তাই আমি সবসময় নিজেকে দূরে রাখতাম কেননা আমি জানতাম এই নেশার শ্লোগান হল,’আমাকে একদিন ভালবেসে দেখুন আমি সারা জীবন আপনাকে ভালবেসে যাবো”। দলীয় কর্মী হিসাবে পুলিশের ডর ভয় কিছুই ছিলনা, তবে বাবা মায়ের চোখের আড়ালে রাখার চেষ্টা করলেও সেটা বিফলেই যায় ।
কাকা, এই অফুরন্ত রোজগার আর জয়োল্লাসের সময়ে আমি যখন সব জানি সব বুজির দুনিয়ায় তখনই জীবনের রঙীন বসন্তে প্রবেশ করা হল । আমার খুব মনে পরে আমি যখন স্কুলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র তখন থেকেই দিশা’কে আমার খুব ভালো লাগতো । পুতুলের মতো কিউট একটা মেয়ে দুই বেনী বেঁধে যখন ক্লাসে ঢুকতো আমার তাকে খুব আদর করতে ইচ্ছে হতো । প্রধানের মেয়ে বলে সেই ছোট্ট বেলা থেকেই তার দেমাক ছিল দেখার মতো । সাহস হতো না কাছে যেতে, যদিও তখন আমিও খুব ছোট, ভালবাসা-টাসা কি বুজতাম না, কিন্তু এক অসম্ভব ভালো লাগাকে ভুলতে পারিনি কোন দিন । এখন সে বিশ্ববিদ্যালয়ে যায়, কি পড়াশোনা করে অতসব জানিনা কিন্তু আমার সেই ভালোলাগার খামতি নেই ।
আজকাল আমি যখন দেহে –অর্থে আরোও অনেক কিছুতেই বড় হয়েছি, সেই ভালো লাগাটা আবার মাথাচারা দিয়ে উঠে । নির্বাচনী রেজাল্টের পরে যখন ভয়ঙ্কর বিজয়োল্লাসে রাতের বেলায় বিরোধীদের বাড়িঘর ভাঙ্গার জন্য গিয়েছিলাম, প্রধানের বাড়ি ছিল তালিকার প্রথম দিকে । আমি যাইনি, যেতে পারিনি কেননা দিশা’র কথা তখনো মনে পরেছিল আমার, কিন্তু সেখানে যেন ভাঙ্গাভাঙ্গির বাইরে কিছু না হয় সেটা তদারকি করার জন্য সঙ্গে ছিলাম, সে বাড়ির গেইটের বাইড়ে অপেক্ষা করছিলাম, যদিও পরে জানতে পেরেছি গেইটের বাইরে ছিলাম বলেই ওদের বাড়ির সি সি ক্যামেরায় আমার মুখটা আরোও স্পষ্ট ভাবে ফুটে উঠেছে । যদিও আইনের চোখের কোন বিষয় নেই তবে দিশা’র কাছে অপরাধী হয়ে রইলাম । যদিওবা তাতে কিছু যায় আসে না কেননা আমার এই ভালোলাগা কোনদিন কোথাও প্রকাশ পায়নি । সেই ভালবাসা অংকুরেই ধ্বংস হয়েছে বলা যেতো কিন্তু না কাকা, আমি দিশা’কে যত দেখি ততোই মুগ্ধ হয়ে যাই । তাকে দেখলে পরে জীবনের পড়াশোনা না করার আফসোসটা এমন প্রকট হয়ে উঠে যে, নিজেকে ঠিক রাখতে পারি না, আমি যেন উন্মাদ হয়ে গেলে বাঁচি । সেই আক্রোশে যখন টাকা পয়সার পেছনে চোখ বুঝে ছূটতে লাগলাম, তখন কৌটার সঙ্গে সঙ্গে আরোও যতসব অবৈধ কারবার এসে হাতছানি দিতে লাগলো ; আমি নেশায় বুঁদ হয়ে টাকার জোয়ারে ভাসতে লাগলাম । গলায় রশির মতো মোটা স্বর্ণের চেইন, হাতে ব্রেসলেট, লক্ষ টাকার বাইক আর কোমরে একটা যন্ত্র নিয়ে শাহেনশার মতো ঘোরাফেরা করতে করতে একটা সময় লক্ষ করে দেখলাম এখন আর মানুষ আমাকে সমীহ করে না, অব্যক্ত ঘৃনায় দূরে সরে থাকে , এই দূরে সরে থাকাকে আমার কাছে মরীচিকার মতো ভয় , সম্মান, সমীহ বলে মনে হতো । এভাবে কয়েকটা বছর কেটে গেলো । আমরা যারা চাকুরীর আশায় এ দলে এসেছিলাম, একজনেরও চাকুরী হয় নি, দুজন এখন গোডাউনে বস্তা টানে, কয়েকটা কৌটার নেশায় রসাতলে যেতে যেতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । আর যার প্রেরণায় এলাম তিনি এখন গোঁসা করে রাজনীতি ছেড়ে দিয়ে নিজের ব্যবসায় ব্যস্ত ।
** কাকা,** তোমার মনে প্রশ্ন জাগে না ! আমি এত নেশা সামগ্রী বিক্রি করেও নেশায় কেন আসক্ত হলাম না !” আমি অনেক কিছুই জানি । বক্তার আদি অন্তও একেবারে জানি না তা নয় । তবুও কিছু বললাম না, বলার ইচ্ছে হল না । এখন অনেক কিছুই ইচ্ছে হয় না কেননা, যে ভালোবাসা ভালোলাগা নিয়ে সমাজ সংস্কারের নেশায় ডুব দিয়েছিলাম, কালের চক্রে, বয়সের টানে, অভাবের তাড়নায় এবং সর্বোপরি পারিপার্শ্বিক অব্যবস্থা ও অনৈতিকতায় তিতি বিরক্ত মনে অনুশোচনা ছাড়া আর খুব বেশী কিছু যেন জেগে উঠে না তবে মাঝে মধ্যেই আবার জেগে উঠার স্পৃহাটাকে নিয়েই বেঁচে থাকা ।