[ভালবাসার কাব্যকুসুম]

বালক কি বেসেছিল ভাল, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়
বালক কি বুঝেছে এখন যে
কার হাতে হাত রাখলে নব জন্ম হয়
বালক কি ভেবেছে কখনো যে
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়?

অবোধ বালক জানেনা এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলখ্যে যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!

শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়োনো পর্ণপত্র
ধুলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটোক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।