দিগন্ত বিস্তারী গগন তলে সবুজ বনরেখায়
জলধির বিকট উচ্ছাসে,
দিকভ্রান্ত পথিক যেমন হারায় বনপথ,
তেমনই এ নভঃনীলে, অনল-অনিলে,
জরাগ্রস্ত চেতনাহীন কায়া পথভ্রান্ত।
সবুজের সমারোহে স্তুপকার ভগ্ন আশা,
বিকলাঙ্গ প্রানের হিল্লোল আর
কূটিল বন্য মন, হিংস্র বারিরাশি
মনুষ্যত্বের বিরাট আস্ফালনে বহমান
সমাজ দেহে দুরন্ত গতিতে ছুটে চলে।
কক্ষচ্যূত নক্ষত্রের ন্যায় ঝরে পড়া
কোন ধূমকেতুর পুচ্ছডানায় ভর করে
ক্ষণজন্মা মানুষের চেতনা
পথহারা বনপথে আলোর নিশান হাতে
দাঁড়ায় দুয়ারে, জীবন জাগায়।
চলমান জীবনস্রোতে অটল অচল মন,
স্থবিরতায় ভর করে ছুটে চলে
উদগ্র উন্মাদনার জীবনপথে।
উত্থানে পতনে জীবনের নানা প্রান্ত হতে
এ জীবনরণ বয়ে চলে কালের স্রোতে।
রচনাকাল ১৫/০৭/২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩
মন্তব্য (1)