যেদিন আমার শেষ কথাটি হারিয়ে যাবে দূরে,
থমকে যাবে তোমার চেনা চারপাশের এ সুরে।
মেঘের ওপার খুঁজতে গিয়ে পাবে না সেই আলো,
বুঝবে তখন, অবহেলায় কাকে বেসেছ ভালো।
ছেঁড়া খাতার ধূসর পাতায় শব্দ রবে না আর,
খুঁজবে আমায় মলিন চোখে রুদ্ধ করে দ্বার।
শুকনো কলম ছুঁয়ে যখন কাঁদবে একা একা,
বুঝবে তখন, ভুলগুলো সব দিচ্ছে কেমন দেখা!
মুখোশ পরা ভিড়ের মাঝে যখন লাগবে একা,
দিঘির পাড়ে চেনা ছায়ায় মিলবে না আর দেখা।
হঠাৎ তোমার বুকের মাঝে চমকে উঠবে প্রাণ,
ভাববে বুঝি ভাঙতে এলাম নীরবতার এই মান।
হাত বাড়িয়ে ছুঁতে গিয়ে দেখবে শুধু হাওয়া,
মরীচিকায় হারিয়ে যাবে আমার কাছে আসা-যাওয়া।
শূন্য বুকে চোখ বুজে শেষ দীর্ঘশ্বাসের ক্ষণে,
একলা থাকার কঠিন ব্যথা জাগবে তোমার মনে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।