প্রতিনিয়ত বদলে যাচ্ছে বাংলাদেশ। দেশের গণমানুষের নিরন্তর শ্রম, রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক শক্তির উপস্থিতি আর স্মরণকালের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব – এই ত্রয়ীর যুগলবন্দীতে অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের বুকে এক অনন্য বিষ্ময়ের অপর নাম। ষড়যন্ত্রী আর কুচক্রিদের হাজারও অপচেষ্টা প্রতিহত করে, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চিহ্নিত নিন্দুকদের মুখে চুনকালি মেখে বিগত ২০১৫-১৬ অর্থবছরে দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়েছে ১৫০ মার্কিন ডলার, দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে।। ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ মার্কিন ডলার। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রফতানির পরিমাণ, সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআর) এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাতেও অর্জিত হয়েছে দৃশ্যমান প্রবৃদ্ধি। গণমুখী সরকারের দূরদর্শী নেতৃত্বে জনকল্যাণে গৃহিত বিভিন্ন আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের ফলেই মাথাপিছু জাতীয় আয় বেড়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। দেশে ২০১৫-১৬ অর্থবছরে রফতানি আয় বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ, পরিমাণ ৩৪ হাজার ২৫৭ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৭১ হাজার ৩৮৫ কোটি টাকা, যার প্রবৃদ্ধি ১৯ দশমিক ০১ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিবি) সংশোধিত বরাদ্দ দেয়া ৯৩ হাজার ৮২৩ কোটি টাকার মধ্যে ৮৬ হাজার ৯৬৭ কোটি টাকা (৯৩ শতাংশ) ব্যয় করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে দারিদ্র্যের হার অব্যাহতভাবে কমে ২৩ দশমিক ৫০ শতাংশে এবং হতদরিদ্রের হার ১২ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। এ সময়ে প্রবৃদ্ধির হার যেমন বেড়েছে, তেমনি কমেছে সামাজিক বৈষম্যও।২০১৫-১৬ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে ১৫ দশমিক ৪৯ শতাংশ, লোডশেডিং কমেছে ৩২ শতাংশ এবং বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে সিস্টেম লস ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ১০ শতাংশ হয়েছে। নির্মিত হয়েছে নতুন ৩১ হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন ও ১৯৮ কিলোমিটার সার্কিট সঞ্চালন লাইন। সামগ্রিক উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশকে পরিণত করবে জাতির জনকের অপূর্ণ স্বপ্ন "সোনার বাংলা'-তে, এই অধরা স্বপ্ন বাস্তবায়িত হবে এক স্বপ্নচারী নেত্রীর অলৌকিক নেতৃত্বে। কেননা, "সোনার বাংলা' বিনির্মাণের স্বপ্ন তাকে প্রতিনিয়ত তাড়িত করে – তাই তো আন্তরিক নিষ্ঠা আর নিরলস শ্রমে প্রতিনিয়ত একটু একটু করে বুনে চলেছেন অব্যাহত অগ্রযাত্রার বিজয় গাঁথা। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টা আর ঐতিহাসিক নেতৃত্বের যুগলবন্দীতেই নিশ্চিত হবে বাংলাদেশের স্বনির্ভরতার পথে স্বপ্নযাত্রা।