রাত প্রায় নয়টা। টেবিলে বই খোলা, কিন্তু মন পড়ে আছে ফোনের পর্দায়। গণিতের অঙ্কটা অর্ধেক করা হয়েছে। ভাবলাম, গেমের এই লেভেলটা পার হয়েই বাকিটা করব। ফোনটা বইয়ের আড়ালে রেখে কলম হাতে নিলাম। বারান্দা দিয়ে মৃদু বাতাস আসছে। রান্নাঘর থেকে ভেসে আসছে বাসন ধোয়ার শব্দ।

দরজার বাইরে পরিচিত স্লিপারের শব্দ। মা আসছেন। বুকের ভেতরটা ধক করে উঠল। তাড়াতাড়ি ফোন সরিয়ে অঙ্কে মনোযোগী হওয়ার ভান করলাম। ভাবলাম, মা হয়তো কিছু বুঝতে পারেননি। যদিও জানি, মায়েদের চোখ এড়ানো সহজ নয়।

মা কাছে এসে দাঁড়ালেন।

"আদনান, এখন গেম খেলছিলি?"

"না তো মা, অঙ্ক করছি।"

"তোর বইয়ের পাশে যেটা চকচক করছে, সেটা কি অঙ্কের বই?"

ধরা পড়ে অপ্রস্তুত হয়ে গেলাম। লজ্জা ঢাকতে বিরক্তির সুরে বললাম,

"সব সময় তুমি আমাকে বকো! সবাই খেলে, শুধু আমি খেললেই দোষ। আমার কি একটু আনন্দও থাকতে নেই?"

মা কিছু বললেন না। শান্ত গলায় শুধু বললেন, "রাতে খেয়ে নিস। ডাল আর মাছ ঠান্ডা হয়ে যাবে। আজ তোর জন্য পাতলা ডাল আর ভাজা টেংরা মাছ রেখেছি।"

মায়ের এই শান্ত স্বভাবটাও সেদিন কেন জানি সহ্য হচ্ছিল না। মনে হলো, তিনি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না। আরও জোরে বলে উঠলাম,

"আমি খাব না! তুমি আমাকে বুঝতেই চাও না। যাও তো এখান থেকে!"

মা ধীরে ধীরে দরজাটা টেনে দিয়ে চলে গেলেন।

ফোনের পর্দায় তখনো গেম চলছিল। বন্ধুরা অপেক্ষা করছে, অথচ খেলায় মন বসাতে পারছিলাম না। একটু আগের কথাগুলো কানে বাজছিল। মাত্র এক মিনিটের রাগে মাকে কত কিছুই না বলে ফেললাম! কথাগুলো হয়তো তিনি ভুলে যাবেন, কিন্তু আমার কাছে সেগুলো অপরাধের মতো মনে হতে লাগল।

ঘণ্টাখানেক পর ছোট বোন দীপা দরজায় টোকা দিল।

"ভাইয়া, তোমার ফোনটা একটু দেবে? আমার কার্টুন দেখার সময় হয়েছে।"

গেমের মাঝখানে বিরক্ত হয়ে বললাম, "এখন না! তুই সব সময় আমার জিনিস নিতে চাস।"

দীপা একটু চুপ করে থেকে বলল, "মা তো তোমাকে বকলেও কিছু বলেন না। তুমি কেন আমার ওপর রাগ দেখাও?"

কথাটা শুনে শান্ত হওয়ার বদলে আরও রেগে গেলাম।

"যা, নিজের কাজে যা!"

রাগের মাথায় ওর পিঠে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। দীপা কোনো প্রতিবাদ না করে চলে গেল। দরজার ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর শুনলাম, ও কাঁদতে কাঁদতে দূরে চলে যাচ্ছে।

সেদিন রাতে আর খেতে ইচ্ছে করল না। দীপার কান্নার শব্দটা বারবার কানে ফিরে আসছিল।

পরদিন স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলাম। রিহান আর আমি একই দলে। ম্যাচের শেষ মিনিটে রিহানের একটি সহজ শট বাইরে চলে গেল। শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম।

রাগে হাত ছুড়ে বললাম, "এই জন্যই তোকে নিয়ে খেলতে চাই না! সব সময় সুযোগ নষ্ট করিস।"

রিহানের মুখ শক্ত হয়ে গেল।

"তুই নিজে যে তিনটা সুযোগ মিস করলি, সেটা বলবি না? সব দোষ আমার?"

"তুই আসলে বন্ধু না, তুই একটা বোঝা!"

কথাটা বলেই বুঝলাম, বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু ততক্ষণে রিহান ব্যাগ কাঁধে তুলে মাঠ ছেড়ে চলে যাচ্ছে।

রাফি আমার কাঁধে হাত রেখে বলল, "আদনান, তুই কী করলি? রিহান তো তোর সবচেয়ে কাছের বন্ধু।"

আমি তখনো রাগে ফুঁসছি। বললাম, "ও আগে আমার কথা শুনুক, তারপর কথা বলব।"

রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, "বন্ধুত্বে অভিমান হতে পারে, ঝগড়াও হতে পারে। কিন্তু কথার আঘাত অনেক দিন থেকে যায়।"

আমি কোনো উত্তর দিলাম না। তবে কথাটা মনের মধ্যে ঘুরতে লাগল। সত্যিই কি আমি এমন মানুষ হয়ে যাচ্ছি, যে রাগের মাথায় সবাইকে দূরে ঠেলে দেয়?

তিন দিন রিহান আমার সঙ্গে কথা বলল না। এখন সে আলাদা বেঞ্চে বসে। টিফিনের সময় ওকে প্রায়ই একা বসে থাকতে দেখতাম। দূর থেকে তাকিয়ে থাকতাম, কিন্তু এগিয়ে যাওয়ার সাহস হতো না। বারবার মনে হতো, একবার ক্ষমা চাইলেই তো হয়। অথচ সেই সহজ কাজটিই করতে পারছিলাম না।

চতুর্থ দিন ক্লাস শেষে নিজেই ওর কাছে গেলাম। স্কুলের পেছনে বটগাছের নিচে দুজন বসলাম। কিছুক্ষণ নীরব থাকার পর রিহান বলল,

"সেদিন মাঠে তুই যা বললি, শুনে খুব খারাপ লেগেছিল। তুই আগে কখনো আমার সঙ্গে এমন করিসনি।"

"রিহান, আমি..."

ও আমাকে থামিয়ে বলল, "শোন, আমার আব্বু তিন বছর ধরে কাতারে আছেন। দুই সপ্তাহ ধরে আব্বুর ফোন আসেনি। মাকে জিজ্ঞেস করলে শুধু বলেন, ব্যস্ত আছেন। আমার মনে হচ্ছে, আব্বু হয়তো অসুস্থ। এসব নিয়ে কয়েক দিন ধরে খুব চিন্তায় আছি। সেদিন মাঠেও মনটা ভালো ছিল না।"

আমি চুপ করে গেলাম। বন্ধুর মনের ভেতর এত দুশ্চিন্তা জমে আছে, অথচ আমি তা জানতামই না। শুধু ওর ভুলটা দেখেছি, কষ্টটা বোঝার চেষ্টা করিনি।

"সরি, রিহান। তোর পরিস্থিতি না বুঝেই এত খারাপ কথা বলেছি। আমাকে ক্ষমা করিস।"

রিহান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মৃদু হাসল।

"তুই তো দেখি আজ অন্যরকম কথা বলছিস!"

"হয়তো এত দিন নিজের কথাই বেশি ভেবেছি।"

কিছুক্ষণ পর বললাম, "আজ বিকেলে সাইকেল নিয়ে আমার বাসায় আসিস। চা-বাগানের ভেতরের রাস্তায় ঘুরতে যাব। নাবিলকেও বলিস।"

রিহান মাথা নাড়ল।

সেদিন রাতে ওর ফোন এল। আব্বুর সঙ্গে কথা হয়েছে। নেটওয়ার্কের সমস্যার কারণে এত দিন যোগাযোগ করতে পারেননি। তিনি ভালো আছেন। খবরটা পেয়ে রিহান এতটাই আনন্দিত হয়েছিল যে কয়েক মিনিট কথাই বলতে পারেনি।

পরদিন স্কুলে এসেই রিহান দৌড়ে আমার কাছে এসে আব্বুর খবর জানাল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, "আলহামদুলিল্লাহ! খবরটা শুনে খুব ভালো লাগল।"

বাড়ি ফিরে দেখি, দাদু বারান্দায় চেয়ারে বসে তসবিহ পড়ছেন। পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর দাদু নিজেই জানতে চাইলেন,

"কী রে দাদুভাই, আজ এত চুপচাপ কেন?"

মায়ের সঙ্গে ঝগড়া, দীপার সঙ্গে খারাপ ব্যবহার আর রিহানের সঙ্গে বন্ধুত্বের টানাপোড়েন—সব খুলে বললাম। দাদু মনোযোগ দিয়ে শুনলেন।

"তুই জানিস, রাগের পেছনে অনেক সময় কষ্ট বা অভিমান লুকিয়ে থাকে?"

"কীভাবে, দাদু?"

"তুই যখন বলিস, মা তোকে বোঝে না, তখন হয়তো আসলে চাস মা তোর কথাটাও একটু মন দিয়ে শুনুক। কিন্তু সেটা বোঝানোর বদলে রাগ দেখাস।"

আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, "কিন্তু দাদু, রাগ উঠলে নিজেকে সামলানো খুব কঠিন।"

দাদু মৃদু হেসে বললেন, "কঠিন ঠিকই। তবে মনে রাখিস, নবীজি (সা.) বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে হারায়; বরং প্রকৃত শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।"

কথাটা শুনে ভাবলাম, সত্যিই তো! অন্যের সঙ্গে ঝগড়া করে জেতার চেয়ে নিজের রাগকে সামলানো অনেক বেশি জরুরি।

দাদু আবার বললেন, "রাগ উঠলে সঙ্গে সঙ্গে কিছু বলবি না। একটু থামবি, প্রয়োজনে সেখান থেকে সরে যাবি। মন শান্ত হলে ভাববি, কথাটা বলা ঠিক হচ্ছে কি না। আর ভুল করে কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইতে দ্বিধা করবি না।"

"কিন্তু ক্ষমা চাইলে যদি কেউ ছোট ভাবে?"

দাদু আমার মাথায় হাত রেখে বললেন, "নিজের ভুল স্বীকার করতে সাহস লাগে। যে ক্ষমা চাইতে জানে, সে ছোট হয় না।"

আমি দাদুর হাত ধরে বললাম, "দাদু, পড়ার সময় ফোনটা দূরে রাখব। আর রাগ উঠলে আগে নিজেকে সামলানোর চেষ্টা করব।"

দাদু হেসে বললেন, "চেষ্টা করিস। মনে রাখিস, মানুষ এক দিনে বদলায় না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই একদিন বড় পরিবর্তন আনে।"

সেদিন রাতে খাওয়ার টেবিলে মা আমার সামনে ভাতের থালা রাখলেন। সঙ্গে মুরগির ঝোল আর শসা-টমেটোর সালাদ। মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ ইতস্তত করলাম। তারপর মাথা নিচু করে বললাম,

"মা, একটা কথা বলব?"

"বল।"

"কয়েক দিন আগে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি আমার ভালোর জন্যই বলেছিলে, অথচ আমি তোমাকে কত কথা শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, মা।"

মা চেয়ার টেনে আমার কাছে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন,

"তুই বড় হচ্ছিস। নিজের মতামত থাকবে, সেটাই স্বাভাবিক। আমিও চাই, তুই নিজের কথা বলবি। তবে মনে রাখিস, মত প্রকাশেরও একটা সুন্দর ভাষা আছে।"

আমি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, "তুমি কি কখনো রাগ করো না, মা?"

মা মৃদু হেসে বললেন, "করি তো! আমার মায়ের সঙ্গেও অনেক সময় অভিমান করে কথা বলিনি। একবার তোর নানি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আমি রাত জেগে তাঁর পাশে বসে থাকতাম। তখন বুঝেছিলাম, কত ছোটখাটো অভিমান জমিয়ে রেখেছিলাম! মনে হয়েছিল, আরও কত কথা বলা বাকি রয়ে গেছে।"

কথা বলতে বলতে মায়ের গলা ধরে এল। আমার চোখও ভিজে উঠল। উঠে মায়ের হাত ধরে বললাম,

"মা, তুমি তো আমার সামনেই আছ। তোমাকে কষ্ট দিতে চাই না। চেষ্টা করব, রাগ হলেও যেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করি।"

মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি মায়ের গলায় জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেলাম।

"রাগ করতেই পারিস, নিজের মতও প্রকাশ করবি। শুধু বড়-ছোট কাউকেই অসম্মান করবি না।" - বললেন মা।

আমি মাথা নাড়লাম।

পরদিন বিকেলে বারান্দায় গিয়ে দেখি, দীপা একা বসে কাগজের নৌকা বানাচ্ছে। ওর পাশে বসে বললাম,

"দীপা, সেদিন তোর গায়ে হাত তুলেছি। এটা আমার খুব অন্যায় হয়েছে। আমাকে ক্ষমা করবি?"

দীপা অবাক হয়ে তাকাল। তারপর মুচকি হেসে বলল, "ঠিক আছে ভাইয়া। তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দেবে?"

আমি হেসে বললাম, "তোর নৌকা তো তুই-ই ভালো বানাতে পারিস। আচ্ছা, তোকে একটা জিনিস দিই?"

কথা শেষ করে ঘরে গেলাম। বারান্দায় রাখা নাটাই আর রঙিন ঘুড়িটা এনে দীপার হাতে দিলাম।

"এগুলো তোর জন্য। চল, আজ একসঙ্গে ঘুড়ি ওড়াই।"

দীপা আনন্দে লাফিয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই উঠোনে ঘুড়ি উড়তে শুরু করল। দীপা নাটাই ধরে ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে সুতা ছাড়তে সাহায্য করছিলাম। বাতাসে ঘুড়িটা যত ওপরে উঠছিল, দীপার মুখের হাসিও তত উজ্জ্বল হয়ে উঠছিল।

ওর আনন্দিত মুখের দিকে তাকিয়ে মনে হলো, কত সহজেই না মানুষ আবার কাছাকাছি আসতে পারে! অথচ একটি ক্ষমা চাওয়ার জন্যই এত দিন অকারণ সংকোচ করে ছিলাম।

সেদিন সন্ধ্যায় বাগানে গিয়ে দেখি, কয়েক দিন আগে লাগানো আমগাছের চারাটি রোদে নেতিয়ে পড়েছে। মাটিও শুকনো। বালতিতে পানি এনে ধীরে ধীরে গাছের গোড়ায় ঢেলে দিলাম।

পেছন থেকে মা বললেন, "খুব যত্ন করছিস দেখছি!"

আমি গাছটার দিকে তাকিয়ে বললাম, "নিজের হাতে লাগিয়েছি তো। যত্ন না করলে বাঁচবে কী করে?"

মা মৃদু হেসে বললেন, "মানুষের সম্পর্কও এমনই। যত্ন না নিলে একসময় শুকিয়ে যায়।"

মায়ের কথাটা মনে গেঁথে রইল।

রাতে ডায়েরি খুলে লিখলাম—

'রাগের মুহূর্তে অন্যকে কষ্ট দিয়ে হয়তো নিজের ক্ষোভ প্রকাশ করা যায়, কিন্তু তাতে নিজেরই অনেক কিছু হারাতে হয়। তাই এবার থেকে কথা বলার আগে একটু থামব।'

জানালার বাইরে আকাশে একফালি চাঁদ। নিচের ঘর থেকে মায়ের কণ্ঠ ভেসে আসছে, দীপাকে খেতে ডাকছেন। ঘরের পরিচিত শব্দগুলো শুনতে শুনতে মনে হলো, এই মানুষগুলোর সঙ্গেই তো আমার পৃথিবী। তাদের কষ্ট দিয়ে কোনো জয়ই আনন্দের হতে পারে না।

আমার লাগানো আমগাছটি এখন বেশ বড় হয়েছে। তার ডালে পাখিরা বাসা বাঁধে। সকালে তাদের কিচিরমিচিরে বাগান মুখর হয়ে ওঠে। প্রায় দিন ভরদুপুরে দেখি গাছের ডালে এসে একটি পাখি বসে ডাকে, "ঘু-ঘু-ঘু-ঘু"। গাছের নিচে রাখা আমার সাইকেলটার ওপর সূর্যের আলো এসে চিক চিক করছে।