বেলা ফুরাবার আগেই ফিরে এসো,
এই আমি রইলাম তোমার প্রতীক্ষায়।
শত ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে ফিরে এসো..

মন তো বারবার নিষেধ মানে না..
চায় না বিসর্জনের বিজয়মাল্য পরতে।
যাবার বেলায় যে বেলা রেখে গেছো,
তার কিছুটা একা পথ চলতেই ফুরিয়ে গেছে।
বাকি বেলায় অভিমান করে তা আর নিরর্থ করো না।

সবকিছুই এক সময় একটু একটু করে শেষ হয়..
দিন শেষ হয়ে সন্ধ্যা নামে,
গল্প শেষ হয় কোন এক পরিণামে,
আর তোমার অভিমান.. সে তো ভীষণ
ছোঁয়াচে,
আমার এবেলার কতখানি ডুবিয়েছে কে জানে!

চেনা অচেনার এই ভীড়ে হারালেও
তোমাকেই খুঁজি বারবার।
আমি পথ খুঁজি..
যে পথে তুমি আছো, তোমার পদচিহ্ন আছে।
সেই পথে ফের এসো ফিরে,
বেলা ফুরাবার আগে।

Sep 10, 2020