আমি গাছের মত হতে চেয়েছিলাম।
আমি সবুজ হতে চেয়েছিলাম,
তাই শুরু হলো বৃক্ষ রোপণ।

আমার ন্যাবা ধরা চোখ, কটা চুল - হলুদ ত্বক,
আমি প্রচুর চারা রোপণ করলাম, প্রথমে ফুলের গাছ,
তারপর বট, পাকুড়, অশ্বত্থ, অশোক, কৃষ্ণচূড়া,
কামিনী, কিংশুক, মহুয়া…

পরিবর্তে গাছের থেকে কিছু সবুজ চেয়ে নিলাম!
আস্তে আস্তে আমার ছাদ সবুজ হলো,
আস্তে আস্তে আমার বাড়ির চৌহদ্দি সবুজ হলো--
আস্তে আস্তে আমার পাড়া সবুজ হলো,

একটু একটু করে আমার চোখ সবুজ হলো,
আস্তে আস্তে আমার ত্বক রঙ ফিরে পেলো।
আমার ফুসফুস অম্লজানের পরশে সবুজ হলো।

পড়শিদের নীল হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে পড়লাম,
তাদের সবুজ রঙে রাঙিয়ে দিলাম অম্লজানের জাদুতে
নির্বোধ প্রতিবেশী যারা গাছ উৎপাটন করতো,
গাড়ি রাখার অজুহাতে,চারা নির্মূল করতো,
বাড়িতে আলো না ঢোকার অছিলায়

তাদের ফুসফুসে ঢুকে বিদ্রোহ করলাম,
ওদের ফুসফুসে ছড়িয়ে দিলাম কাশফুলের বীজ!