ভোরবেলা কিছু ছেঁড়া ছেঁড়া স্বপ্ন আসে,
রোজ রোজ নিয়ম করে আসে এমন নয়,
কিন্তু আসে, মাঝে মাঝেই আসে।
সন্ধ্যার পরেই ঘুমিয়ে কাদা –
মা পান্তা মেখে ঘুমের মধ্যেই গ্রাস তুলে দেয়।
পান্তা, মাছের টক আর আলু মাখা কি অপূর্ব স্বাদ!
আমি মায়ের গন্ধ মাখতে মাখতে খাই,
খেতে খেতে ঘুমাই।
একদিন বাবার সাথে হালখাতা করতে ‘একচাকা’গ্রামে,
গরুর গাড়িতে, গাড়িতে দুই টিন মিহিদানা, বিলি হবে!
বাবার সেই খেঁটো ধুতি আর নূতন পাঞ্জাবি
হাতে নস্যির ডিবে আর কাঁচি সিগারেট।
বাবার গায়ে গভীর পুরুষালি গন্ধ।
লাবণ্য সেদিন তুমি এলে তরমুজ রঙা শাড়িতে,
এলো খোঁপা, খোঁপায় জুঁইয়ের গোড়ের মালা!
তুমি যেন যোজনগন্ধা, সারা বাড়ি ভরে গেল কস্তুরী গন্ধে।
দু'জনে মুখোমুখি বসি,
সামনে ধোঁয়া ওঠা দার্জিলিং চা আর কুচো নিমকি-
আমরা "কথোপকথন" থেকে কবিতা পড়ি,
তুমি তখন নন্দিনী আমি শুভঙ্কর!
আজকাল ছেঁড়া ছেঁড়া স্বপ্ন আসে নানা রঙিন বুটি নিয়ে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।