এখন আর কারোর কাছে যেতে পারি না,
এখন আর কারোর কাছে যাওয়া যায় না।
যখন তখন হুট করে চলে যাবো।
এমন কোন বন্ধু নেই, পরিজন নেই, সবাই বড় ব্যস্ত,
ব্যস্ততার যে তেমন কারণ আছে এমন কিন্তু নয়,
তবু ব্যস্ত -যাওয়া যায় না ।।
পাশের জেঠিমার বাড়ি হঠাৎ মাঝ সকালে,
রান্না করতে করতে জেঠিমা পুরনো দিনের গল্প বলে,
এক টুকরো মাছ ভাজা, কুচো চিংড়ি দিয়ে কচুর লতি টেস্ট করতে দেয়,
এখন আর যাওয়া হয় না, জেঠিমা আর নেই!
ছুটির দিন দুপুর বেলা বন্ধুর বাড়ি যাই,
কফি খেতে খেতে প্রচণ্ড আড্ডা, হাসি, তামাশা,
বউরা বড্ড রাগ করে! কেউ আসার জন্য, কেউ যাওয়ার জন্য।
আজ আর যখন-তখন বন্ধুদের বাড়ি যাওয়া যায় না।
একদিন সন্ধ্যায় প্রাক্তন প্রেমিকার বাড়ি হাজির হই,
সে এখন ডিভোর্সি, প্রেমিকার মা ফাটা কাপে চা দেয় ,
সঙ্গে মেরি বিস্কুট, নিশ্চুপ চোখের জল ফেলে।
প্রেমিকার দাদা আমাকে পছন্দ করে না, ঠারে ঠারে বুঝিয়ে দেয়।
এখন আর কারো কাছে যাওয়া যায় না,
এখন আর হুটকরে কোথাও যেতে পারিনা॥
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।