কান্না:
বুকের কাছে একটা কান্না জমে আছে।
কান্না নাকি! একরাশ দুঃখ দলা পাকিয়ে আছে বুঝি না।
আজকাল শ্বাস নিতে কষ্ট হয়।
কেমন যেন গুম মেরে আছে, ঘর, ঝুল বারান্দা, নেটের পর্দা।
অফিস থেকে ফিরলে, আজকাল ছেলেমেয়ে অনেক আদর করে,
তবুও খুব একা লাগে, কান্না পায়, শ্বাস নিতে কষ্ট হয়।
সকালে পাখির ডাকে ঘুম ভাঙে,
উঠতে গেলেই হাঁটু জানান দেয়, গোড়ালি ফেলা দায়।
ভালোবাসতে চেয়েও না পারলে বড্ড কষ্ট হয়, কান্না পায়।
ভালোবেসেও মন পাওয়া দায়…
আজকাল বুকে বড্ড ব্যথা হয়, আজকাল শ্বাস নিতে কষ্ট হয়।
আমি কি ভালোবাসতে জানি না!
আমারও লাবণ্য’র মতো বলতে ইচ্ছে করে—
“আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে?
ভালোবাসাতে আমি যে মুক্তি পাই...।”
আজকাল বুকে বড্ড ব্যথা হয়, আজকাল শ্বাস নিতে কষ্ট হয়।
বুকের কাছে একটা কান্না জমে আছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।