নৈনিলেকের ধারে চিনার গাছ যখন আগুন,
পূজার আগে এখানে অজয়ের চরে
তখন কাশফুলের সমারোহ।

কলকাতা এখন কল্লোলিনী,
আলোয় আলোয় রাত যেন দিন-
বাগবাজারে দেবীমূর্তি সবে সেজে উঠছে,
চোখ আঁকা তখনও বাকি!

নৈনিলেকের জলে চিনারের ছায়া।
শান্ত স্থির জলে চিনারের পাতা পড়ে,
বৃত্তাকার তরঙ্গ তুলছে!

যখন বাংলায় বাড়ির উঠোনে উঠোনে শিউলি ফুলে ভরা।
ঠিক তখন আউলির বরফঢাকা পাহাড়,
উপত্যকায় বরফ ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

ঝাঁকে ঝাঁকে পরিব্রাজক বাঙালি
'বাঘ' এক্সপ্রেসের পেট ভর্ত্তি করে কাঠগোদামের পথে,
নৈনিতালের উদ্দেশে।

দাদা-বৌদির হোটেলে তখন আলুপোস্ত,
শুক্তো আর ডাল বানানোর ব‍্যস্ততা !