প্রতিটি মুহূর্তকে শেষ বিদায়ের মতো ভেবে,
আমি তোমাকে ভালোবাসি—
ভীষণ রকম, গভীর রকম,
যেন এই পৃথিবীতে আমার সমস্ত ভালো থাকার
একমাত্র নাম তুমি।
অথচ তুমি অভিমান করে থাকো,
নিজেকে আড়াল করে রাখো দীর্ঘ সময়।
একবারও কি ভেবে দেখেছ,
তোমার নীরবতার প্রতিটি প্রহর
আমার বুকের ভেতর কতটা শূন্যতা তৈরি করে?
জানো, আমি তো প্রতিদিন অপেক্ষা করি,
তোমার একটি ছোট্ট বার্তার জন্য,
একটু কথা, একটুখানি অভিমান ভাঙানোর জন্য।
তুমি হয়তো ভাবো, সময় তো অনেক পড়ে আছে,
অভিমান না হয় আরেকটু দীর্ঘ হোক!
কিন্তু সময় কি কারও জন্য অপেক্ষা করে?
জীবন কি কখনো বলে—
আরও কিছুক্ষণ বেঁচে থাকো,
প্রিয় মানুষটির অভিমান ভাঙিয়ে তারপর চলে যেয়ো?
যদি কোনো একদিন অভিমানের মেঘ কেটে যায়,
যদি ফিরে এসে ডাকো আগের মতো করে,
আর শুনতে পাও—
তোমার অভিমান ফুরোনোর আগেই
আমার নিঃশ্বাসের গল্প শেষ হয়ে গেছে!
তখন কি পারবে?
সেই পুরোনো অভিমান বুকে নিয়ে
একাকী রাতগুলো পার করতে?
আমার ছবির দিকে তাকিয়ে
নিজেকে বোঝাতে—
মানুষটা তো ছিল, শুধু সময়টা ছিল না!
আমি তোমার কাছে চিরকাল থাকার প্রতিশ্রুতি চাই না,
শুধু চাই, অভিমান জমিয়ে রেখো না এতটা।
যতটুকু সময় হাতে আছে,
ততটুকু ভালোবাসায় ভরিয়ে দাও।
কারণ মৃত্যু কখনো বলে আসে না,
আর অপেক্ষা করতে করতে
কখন যে জীবনের শেষ বিকেল নেমে আসে,
তা কেউ জানে না।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।