শুনেছি মৃত্যুর পর
দূর দূরান্ত থেকে মানুষ আসে,
কেউ আসে শেষবার দেখতে,
কেউ আসে পুরোনো স্মৃতির টানে,
কেউবা আসে কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করতে।
আমার শুধু জানতে ইচ্ছে করে,
খবর পেলে তুমি আসবে তো?
যে মানুষটা একদিন
তোমার একটু সময়ের অপেক্ষায়
কত শত বিকেল পার করে দিয়েছে,
যার প্রতিটি প্রার্থনায়
তোমার নামটা নীরবে জড়িয়ে ছিল,
তার শেষ বিদায়ের দিনে
তুমি কি একবারের জন্যও আসবে?
হয়তো সেদিন আর কিছু বলব না,
অভিযোগ থাকবে না, থাকবে না কোনো অভিমান,
তোমার চোখের দিকে তাকিয়ে
একবার জিজ্ঞেস করারও সুযোগ হবে না—
কেন এতটা দূরে চলে গিয়েছিলে?
শুধু আমার নিথর শরীরটা
নীরবে পড়ে থাকবে সাদা কাফনে,
আর চারপাশে জমবে অসংখ্য মানুষ,
যাদের ভিড়ে খুঁজব শুধু তোমাকে।
জানি, মৃত মানুষের কোনো অপেক্ষা থাকে না,
তবু যদি আত্মারও অনুভূতি থাকে,
তবে হয়তো শেষবারের মতো
তোমার পায়ের শব্দ শুনতে চাইব।
শুনেছি মৃত্যুর পর
দূর দূরান্ত থেকে মানুষ আসে।
তাই এই একটা প্রশ্ন বুকের ভেতর জমে থাকবে—
খবর পেলে তুমি আসবে তো?
নাকি জীবনের মতো মৃত্যুতেও
তোমার অপেক্ষাতেই থেকে যাব?

মন্তব্য (2)