অবহেলিত বাংলা ভাষা
বাংলা আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা হলেও এর প্রতি আমাদের নানা অবহেলা আর উপেক্ষা বিদ্যমান। বিশেষত বাংলাভাষার ব্যবহার ও চর্চায় আমাদের ঔদাসীন্য খুবই দুঃখজনক। ফলে এর ব্যবহার ও চর্চায় সর্বত্র বিশৃঙ্খল অবস্থা বিরাজমান। সাইনবোর্ড, নামফলক প্রভৃতির যেগুলোতে বাংলা ব্যবহার করা হয় তার ভুল যে কত বড় মারাত্মক ও বিভ্রান্তিকর তা চিন্তা করলে দুঃখ এবং মর্মবেদনার অবধি থাকে না। শুধু সাইনবোর্ড বা নামফলকের কথাইবা বলি কেন। অনেক বড় বড় লেখকের বিখ্যাত বিখ্যাত বইপুস্তকেও বাংলা বানান ও ভাষাগত ত্রুটি-বিচ্যুতি ভাষাপ্রেমিকদের ব্যথিত এবং মর্মাহত করে অহরহ। শুধু এদেশের বাংলাভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর বানানপদ্ধতি ও ভাষার ভুল ব্যবহার নিয়ে আলোচনা করলে বড় বড় গ্রন্থ রচনার প্রয়োজন হয়ে পড়বে। শুধু কি তাই? সরকারি ব্যবস্থাপনায় পাঠ্যপুস্তকেও বহু ভুল চালু আছে, যেগুলো শুধরানো অতীব জরুরি। বিশেষত পাঠ্যপুস্তকে বাংলাভাষার ভুল ব্যবহার তরুণ শিক্ষার্থীদের মারাত্মকভাবে বিভ্রান্ত করে তোলে। বাংলাভাষার ব্যবহার ও চর্চার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে না পারলে মাতৃভাষা নিয়ে আমাদের যে গৌরব এখনও বিদ্যমান তা অনেকটা অসার হয়ে পড়বে অদূর ভবিষ্যতে। এ ব্যাপারে বাংলা একাডেমি, শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্টদের জরুরি পদপেক্ষ নেয়া প্রয়োজন
মন্তব্য (4)