খুকি ও চিল
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@

এক বসে চিল গাছের ডালে
ছোট্ট খুকি দেখে,
দিল খুশিতে এক বাটি ভাত
দুধতে নিলো মেখে।

ডাক দিয়ে বেশ মধুর সুরে
বললো গাছের তলে,
দুধ মাখা ভাত নাও না খেয়ে
বন্ধু মেনে দলে!

দোস্তিতে আজ আপনা ভেবে
খাই যদি এক পাতে,
রাগ করে কি বকবে আমায়
ঠোক দু’দিয়ে হাতে?

খুব চেহারা মিষ্টি তোমার
দৃষ্টিতে বেশ মায়া,
নীল দু’চোখে হারছে যেন
মুক্তা মনির ছায়া।

নাও না গো আজ তোমার পিঠে
উড়তে আকাশ পানে!
গল্পতে সুর মন ভরাবো
ছন্দ মধুর গানে।

চাই যদি শেষ চন্দ্রে যেতে
ভরবে কি গো দোষে?
ওইখানে মোর কাঁদছে যে মা
পথ চেয়ে রোজ বসে!