কেউ আমাকে কবি বলুক সেই আশেতে নয়,
পুরান ভেঙ্গে গড়তে নূতন আমি কাব্যময়।
কলম হাতে ন্যায়ের পথে থেকে অবিচল
অন্ন দিব ক্ষুধিজনে তৃষার্থী কে জল।
আছে যারা সর্বহারা ধরার বুকে আজ
তাদের মাথায় পরাতে চাই গৌরব আঁটা তাজ।
ধনী যারা গরীব মেরে গড়ছে ভবে ধন
তাদের ধনে আগুন দিতে আমার আগমণ।
স্বার্থ যাদের জীবন চাওয়া তাদের বলি ভাই
চেঙ্গিস আমি কালাপাহাড় রক্ষে তাদের নাই।
আর কতকাল থাকবি সয়ে দূর্বলেরা বল
নিজ অধিকার রাখতে সচল যুদ্ধ করি চল।
শ্রমিক তোরা আর কতকাল দিয়ে আপন ঘাম
বাড়াবি এই ধনী নামের নির্বিবেকের দাম।
তোর কাজেরই পাওনা যারা দেয়নি তোরে কাল
ভাঙবো তাদের পিতলা মাথা রক্তে করব লাল।
মুখোশধারী দু মুখোরা চলছে ভালো ওই,
চলছে সমাজ তাদের কথায় শুধুই চেয়ে রই।
আর হবে না সুযোগ দেয়া, খুলব এবার মুখ
ভেঙ্গে এবার গড়ব সবাই মানবতার যুগ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।