মন্ত্রী তুমি নাম কামাবে রক্তবেচা আমার টাকায়,
চামচা-নেতা প্রচার করবে সরগরমে নগর ঢাকায়?
বলবে— 'আমি এই দিয়েছি; কার্ড দিয়েছি সারাদেশ',
আমার রক্ত-ঘাম চুষে ফের কী চুষিবা সর্বশেষ?

অদ্ভূতুড়ে বিল ধরিয়ে ভাঙিলে দিল আমাদের,
জনরোষের শ্রাবণ মাঝে আরেক জুলাই আসছে ফের।
নিত্যপণ্যের নাইরে নাগাল, সাধ্য নেই তা কিনিতে—
বাধ্য কইরো না 'তোমাদের অন্য নামে চিনিতে'।
লাগাম ধরো মন্ত্রীমশাই, সিন্ডিকেটের ভাঙো হাত—
কিংবা ছাড়ো মন্ত্রীত্ব না শোধিলে কালোরাত।
এদিক তুমি কার্ড বিলাবে ওদিক চুষো যুক্তি কী?
অভাব টেনে অভাব ঘুচাও মিলবে তাতে মুক্তি কি?

এ হাল কেনো বিদ্যুতের ওই? গ্যাসের মজুদ কেনো শেষ?
হঠাৎ কেনো বাজার খারাপ— দাম বেড়েছে সারাদেশ?
মন্ত্রী তুমি দেখতে কি পাও? শুনতে কি পাও আর্তনাদ?
'পদ ছেড়ে দাও' কিংবা 'থামাও সিন্ডিকেটের কালোহাত'।

আইসপার্ক, লোহাগাড়া, চট্টগ্রাম।