চুপ , একদম চুপ
♦♦♦♦♦♦♦♦♦♦
#মোঃ_আব্দুল্লাহ_আল_মামুন
♦♦♦♦♦
চুপ, একদম চুপ! একটাও কথা নয়,
অহেতুক বিবেক জাগলে সমাজের ভারী ভয়!
জিহ্বায় বাঁধবো শিকল, আত্মায় জড়াবো তার,
‘স্বাধীনতা’ নাকি? ওসবের আর দাম আছে কি আর?
সমাজ যা চিবিয়ে দেয়, তুমি তা-ই গিলবে সোজা,
নিজের মাথা খাটিয়ে কেন টানবে ফালতু বোঝা?
সমাজ যেটা থুথু ফেলে, ওদিকে তাকিও না,
নিজের পছন্দ মতো চলে বিপদ ডেকে এনো না!
এই যে মস্ত জাঁকজমক, আর মেকি মায়াজাল—
সমাজই তো রাজাধিরাজ, সে-ই সামলায় হাল!
সৃষ্টিকর্তার নিয়ম ভাঙুক, তাতে কী এসে যায়?
সমাজের হুকুম অমান্য করা মহাঅভিশাপ হায়!
তুমি মুখ বন্ধ রাখবে, টু শব্দটাও করবে না,
তবেই না সমাজ তোমাকে সম্মানের সাগরে ভাসাবে না!
পিঠ চাপড়ে বলবে— “আহা, তুমি তো মহা দানবীর!”
“একনিষ্ঠ ধার্মিক, সফল মানুষ, এলাকার কৃতী বীর!”
সুতরাং খাঁচায় ঢোকো, বন্দি হও এই ছকে,
নতুন ঈশ্বর ‘সমাজ’-কে পুজো করো ধোকে।
বাঃ! কী চমৎকার ‘সামাজিক প্রাণী’ হলে তুমি ভাই,
সমাজ তোমাকে ঘিরে আছে— বিবেক বেচে খাও,
আর তো কোনো চিন্তা নাই!
এই যে তুমি বুক ফুলিয়ে বলতে চাও সত্য,
সমাজ কি তা বলার তোমায় দিয়েছে অনুমতি?
সামাজিক এই নিয়ম-নীতি, অন্ধ প্রীতির ফাঁদ—
সবই তো ভাই সমাজেরই সাজানো নিয়তি!
চারপাশে এই মিথ্যা গৌরব, ভণ্ডামিরই মেলা,
চোখের সামনে দিন-দুপুরে চলছে খেলা-তামাশা!
জ্যান্ত মানুষ খোঁজ পায় না, মরলে পরে আহা—
ধুমধাম করে ডেক ডেকে খাওয়ায় মৃতের চল্লিশা!
সমাজের ওই মহান টাইপ ভদ্র যত সুদখোর,
মসজিদেতে দান ছিটায় সব উজ্জ্বল করে মুখ!
তাদের হারাম টাকায় নাকি আল্লাহর ঘর চলে—
চোখে দেখেও চুপ মেরে রাও, খোঁজো মেকি সুখ?
চুপ বোকা, তুমি চুপ!
মুখে লাগাও তালা—
সত্যি কথা বলতে গেলেই
বাড়বে কেবল জ্বালা!
সমাজ যেমন নাচায় তোমায়,
তেমন করেই নাচ,
বিবেকটাকে খাঁচায় পুরে
যদি কোনোমতে বাঁচ!
হালাল আয়ের খোঁজ করো কেন? কী প্রয়োজন ভাই?
তার চেয়ে তুমি তাবিজ বেচো, ধোঁকা দেওয়ার অন্ত নাই!
অন্যের গোলাম কীভাবে হতে হয়—
শেখাও সে সব পাঠ,
বিদ্যালয়ে না পড়িয়ে চলো,
কোচিংয়ে বসাও হাট!
কষ্ট করে ব্যবসা কেন?
টাকার ব্যবসা করো,
প্রতি শতকে পনেরো টাকা সুদে—
নিজের পকেট ভরো!
সৎ ব্যবসা করতে চাও? বলি, মাথা খারাপ নাকি ভাই?
ইসলামে তা হালাল হলেও—
সমাজে তার দাম তো নাই!
টাকার ব্যবসা করো হে বাপু! ওটাই ‘ভদ্র’ মানুষের পেশা,
মানুষের রক্তের চড়া দামে মেটাও সমাজের মেকি তৃষা!
প্রতি শতকে পনেরো টাকা চড়া চাবুকে কষে নাও সুদ,
তবেই না সমাজ সালাম ঠুকবে,
বানাবে তোমায় এলাকার ‘রত্ন-হুদ’!
মুখে থাকবে ধার্মিক বুলি,
পকেটে সুদের গরম টাকা,
এই সমাজে ‘আভিজাত্য’ পেতে হলে—
বিবেকটা হতেই হবে ফাঁকা ।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।