ক্ষমা, তোমার প্রাপ্য নয়

— সানি ইসলাম শুভ

ক্ষমা, তাও আবার তোমাকে—কীভাবে করি বলো? যে রাতের কান্না আজও বুকে, কীভাবে তা ভুলি বলো?

সেই রাত আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিলাম, বুকের ভেতর হাজার ক্ষত নিয়ে নীরবে মরে গিয়েছিলাম।

সকাল হলো, চোখ মেললাম, তবু শান্তি পেলাম না, দু’মুঠো ভাত খাওয়ার মতো শক্তিটুকুও ছিল না।

চোখের জলে ভাত ভিজিয়ে ক্ষুধার সঙ্গে লড়েছি, আর তুমি বলেছিলে— “এত নাটক ভালো লাগে না ।

এবার বলো, তুমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? আমার কান্না কি এতই তুচ্ছ, আমার প্রেম কি ছিল অযোগ্য?

তোমার জন্য নিজেকেই যে কতবার হারিয়েছি, নিজের সুখের গলায় ফাঁস দিয়ে তোমার সুখ চেয়েছি।

নিজের সঙ্গে অন্যায় করে তোমায় ভালোবেসেছি, তোমার দেওয়া আঘাতগুলো হাসিমুখে সহ্য করেছি।

আর কতবার ভাঙব বলো, আর কত ক্ষত সইব? নিজের চোখের জলের কাছে আর কতকাল ঋণী রইব?

তোমায় ক্ষমা করলে হয়তো তুমি স্বস্তিতে বাঁচবে, কিন্তু আমার ভাঙা হৃদয় কার কাছে বিচার চাইবে?

তাই আজ আমি নিজের কাছে প্রতিজ্ঞা করে যাই— তোমার জন্য আর নিজেকে কষ্ট দেব না, এটাই শেষ বিদায়।

তোমায় ঘৃণা করি না, তবু ফিরব না সেই পথে, যে পথে আমার স্বপ্ন মরেছে তোমার অবহেলাতে।

ক্ষমা মানেই ফিরে যাওয়া নয়, ভুলে যাওয়াও নয়, যে আঘাতে আত্মা কাঁদে, তার হিসাব সহজে ক্ষয় হয় না।

অনেক কষ্ট দিয়েছি নিজেকে,করেছি অবিচার, এবার নিজের পক্ষেই দাঁড়াব—এটাই আমার অঙ্গীকার।

তোমায় ক্ষমা করতে গিয়ে নিজেকে হারাব না আর, নিজের প্রতি অন্যায় করব না—এটাই শেষবার।