মানব জীবনে এক অমূল্য সময়
এই কৈশোর, যৌবন;
চিত্ত মাঝে নব স্বপ্ন-আশার উদয়-
মুগ্ধ-চঞ্চল, মনন।
পুরোনো কিছুই লাগে না তখন ভালো
নতুনত্বের তালাশে,
জরাজীর্ণ হৃদয়ের সব দৈন্য, কালো
মুছে আনন্দে, উল্লাসে।
সম্মুখের ভয়-ভীতি, যত বাধা-বিঘ্ন
আছে যত ভুল পথ;
মনের দাপটে করে ফেলে সব নগ্ন
সত্যকে রাখে অক্ষত।
মানে না শাসন কোনো, মানে না বারণ-
ছুটে চলে অজানায়;
মৃত্যু মুখোমুখি, তবু উজানে গমন
আলোকের অপেক্ষায়।
জীবন পাথারে নিঃস্ব, অসহায় যারা
আশাহত, মৃতপ্রায়;
পায় না কোনো সান্ত্বনা, প্রবঞ্চনা ছাড়া
তাদের পথ দেখায়।
যৌবনের শোভা তরীখানি বেয়ে বেয়ে
এগিয়ে চলে নবীন,
জীবনটা তার কাটে আশা, স্বপ্ন নিয়ে
সত্যপথে চিরদিন।

৮ই মার্চ ২০০৭ খ্রিষ্টাব্দ