শ্রী শ্রী দুর্গা দেবীর স্তুতি ও প্রার্থনা।
“বিষ্ণোর্মায়া ভগবতী যয়া সংমোহিতং জগৎ। আদিষ্টা প্রভুনাংশেন কার্য্যার্থে সম্ভবিষ্যতি।” শ্রীমত ভাগবত।
অনুবাদ:- শ্রী বিষ্ণুর মায়াশক্তি ভগবতী। প্রভুর শ্রী বিষ্ণুর আদেশ প্রাপ্ত হয়ে তিনি কার্য্য সম্পাদনের জন্য আবির্ভূত হবেন।
______________
শ্রী কৃষ্ণের কনিষ্ঠা ভগিনী মায়াদেবী কংস কর্তৃক অধঃক্ষিপ্তা হইলেও কংসাসুরের হস্ত হইতে উৎপতিতা হইয়া অষ্টভুজা দেবীমূর্ত্তি ধারণপূর্বক আকাশে গমন করিলেন। সেই বৃহৎ অষ্টভুজে ধনুঃ,শূল, বান, চর্ম, খড়গ, শঙ্খ, চক্র ও গদা এই আটটি অঙ্কুশ ধারণ পূর্বক স্বর্গীয় অপূর্ব মাল্য, বস্ত্র, চন্দন ও বিবিধ রত্নাভরণ সমূহে বিভূষিতা হইয়া তত্রত্য সকলকে দর্শন প্রদান করিলেন।(ভাগবৎ)
একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা। পশ্যৈতা দুষ্ট ময্যেব বিশন্ত্যো মদবিভূতয়ঃ॥ শ্রী শ্রী চণ্ডী। চন্ডিকাদেবী বলিলেন- "একমাত্র আমিই এই জগতে বিরাজিতা মদ্ব্যতিরিক্ত আমার সহায়ভূতা অন্যাদ্বিতীয়া আর কে আছো? রে দুষ্ট, ব্রহ্মাণীপ্রমুখ এই সকল দেবী আমারই অভিন্না বিভূতি। এই দেখ উহারা আমাতেই বিলীন হইতেছে।"
মাগো, তোমায় প্রণাম। আমরা তোমার অবোধ সন্তানদল। তোমার পূজা, তোমার আরতি, কিসে তোমার তুষ্টি বৃদ্ধি হয়- কিছুই জানিনা। তবুও সন্তানের আমন্ত্রণে সায়ুধবাহনা সপরিবারে সন্তানের ঈপ্সিত বর প্রদানের জন্য প্রতিবৎসর আমাদের আলয়ে আগমন কর। ইহা তোমার শুধুই কৃপা। অতীতেও দেখা গেছে, বর্তমানেও দেখা যাচ্ছে-বিভীষিকাময় দৈত্য-দানব পীড়িত দলিত তোমার মানবসন্তান। আবার তাদের উদ্ধারও করেছ। প্রার্থনা এই, বর্তমান সময়-ঘটিত দুবৃত্ত-আস্ফালিত কর্মকাণ্ড প্রপীড়িত সনাতনী ধর্ম বড়ই বিপদাপন্ন। সনাতনীদের আবাসস্থল প্রিয় ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যত্র সনাতনীদের বাসস্থলে তুমি দস্যু ও দুবৃত্তদের সংহার পূর্বক তোমারই সনাতনীদের রক্ষা কর। শুভবুদ্ধি সম্পন্ন অন্যদেরও তুমি রক্ষা কর। ভারতবর্ষকে অক্ষুন্ন, মহাশক্তিশালী দেশে পরিণত কর। আমাদের যা কিছু আয়োজন মাগো, তোমাকেই উদ্দেশ্য করে। সন্তানের দোষ নিওনা। তোমাকে আবার প্রণাম। তুমি আমার জননী। তুমি আমাদের জননী। তুমি বিশ্বজননী।
প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বার্তিহারিণি। ত্রৈলোক্য বাসিনা মীড্যে লোকানাং বরদাভব।।
Written by:- Nirmal Krishna Roy Chowdhury.
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।