কেউ যখন আমাদের প্রিয় ফুলের নাম জিজ্ঞেস করে আমরা গোলাপ,পদ্ম,জবা, শাপলা কিংবা রজনীগন্ধার নাম বলি। আমাদের পরিচিত তবে প্রিয় ফুলের তালিকায় থাকে না এমনই একটি ফুল,'ভৃঙ্গরাজ'।
ভৃঙ্গরাজ ফুলের বিশেষত্ব হলো,একে ফুটতে দেখার জন্য খুব সুন্দর কোনো বাগানের প্রয়োজন হয় না। বাড়ির আশপাশে,খোলা জায়গা,পথের ধারে কিংবা অনাদরে পড়ে থাকা জমিতেও এর দেখা পাওয়া যায়। কোনো যত্ন ছাড়া সে বেড়ে উঠে তার আপন গতিতে।
ফুলটি আমাদের কাছে ভৃঙ্গরাজ বলে পরিচিত হলেও এর আরও দুটি নাম রয়েছে,Singapore Daisy এবং Yellow Dot.বৈজ্ঞানিক নাম-Sphagneticola trilobata.
ভৃঙ্গরাজ ফুল খুব বড় নয়। এর সৌন্দর্যও চোখ ধাঁধানো নয়। বরং এর সৌন্দর্য লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট পাপড়ি আর স্বাভাবিকভাবে ফুটে থাকার মধ্যে। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা হলুদ ফুলগুলো দেখতে মনে হয়, প্রকৃতি নিজের হাতে ছোট ছোট সূর্য এঁকে রেখেছে। সকালের নরম রোদে কিংবা পড়ন্ত বিকালে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে।
ভৃঙ্গরাজের ভেষজ গুণ নিয়েও গ্রামীণ নানা প্রচলিত ধারণা রয়েছে। বিশেষ করে চুলের যত্নে এর ব্যবহার বেশ পরিচিত। তবেব্যবহারের ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য ওবিশেষজ্ঞের পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত।
আমার কাছে ভৃঙ্গরাজের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর নিরবতা। এটি গোলাপের মতো নজর কাড়ে না, সূর্যমুখীর মতো বড় করে নিজের উপস্থিতি জানান দেয় না। তবুও প্রকৃতির সৌন্দর্যে তার একটি ছোট্ট জায়গা আছে। অনাদর,অযত্ন,অবহেলায় ফুটে থাকা এই ফুল জানান দেয়-সুন্দর হতে সবসময় আলাদা করে চোখে পড়তে হয় না।কখনো নীরবে ফুটে থাকাটা সবচেয়ে সুন্দর।
ভৃঙ্গরাজ: সবুজের বুকে হলুদ হাসি

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।