এ বেলার রংধনুর প্রান্তর আমি ছুঁইনি,
ছুঁয়েছি শেষ বেলার মুখভার করে ঘনিয়ে আসা সন্ধ্যা।
ছুঁয়েছি রাতের অন্ধকারে কালোর ধৃষ্টতা।
ছুঁয়েছি বৃষ্টির কোলাহল আর তার কয়েক ফোটা জল।

এ বর্ষণে বৃষ্টি অথবা কবিতা, কোনটাই আমার মন ছুঁয়ে যায়নি,
ছুঁয়েছে চোখের পাতা আর অপেক্ষার চারপাশ।
মন ভার করে মন ছুঁয়েছে জানালার ফ্রেমখানি।

এ তো অতি সামান্যই,
তুমি বুঝতে পারো বা নাই পারো।
যদি বুঝতেই, তবে তো একবার হলেও দেখা পেতাম তোমার।
তোমার মায়াময়ী হাসিখানি..

সেই যে প্রথম দেখা হয়েছিলো যেদিন দুজনার,
আকাশ কালো মেঘ করে নেমেছিলো প্রচণ্ড বৃষ্টি।
মুখোমুখি তুমি আমি..

অমন দিনটা কেন আর আসে না?
কেন তুমি আসো না?
দিন রাত তো নিয়ম মেনেই যায় আসে,
বারবার এই পোড়া চোখ জুড়ে বর্ষা আসে,
শুধু তুমি আসো না।

Jul 29, 2021