মাধুকরীর ১১৯ নম্বর পাতা,
ভিতর থেকে বেরিয়ে এল
একটা চিঁড়ে-চ্যাপ্টা বাসক ফুলের শীষ,
কত যুগ আগের কে জানে!
এমনিতেই বাসক ফুলের তেমন কোনো গন্ধ নেই!
শুকনো ফুলের আর কী গন্ধ, কিন্তু গল্প!

সঞ্চয়িতার ভিতর থেকে খসে
পড়ল একটা শিখিপাখা।
এক পয়লা বৈশাখে জলদাপাড়ার জঙ্গলে
কুনকি হাতি কুড়িয়ে দিয়েছিল ঘাস থেকে,
এলিফ্যান্ট সাফারির সময়,
গণ্ডার দেখতে দেখতে।

কথোপকথনের মধ্য থেকে ঝরে পড়ল
ডায়েরির একটুকরো ছেঁড়া পাতা,
১৪ ফেব্রুয়ারি ১৯৮২ সালের।
অপরিণত হাতের লেখায় ঝরনা কলমে লেখা,
“মনে রাখবে তো…”
আর কিছুই লেখা নেই, না স্বাক্ষর!

বইয়ের পাতার ভিতর এত গল্প,
কী করে জমে থাকে, বইয়ের গল্পের বাইরেও!
অনেক চেষ্টা করি মনে করতে, কার লেখা এই চিরকুট?
তার এত আকুতি সত্ত্বেও কি করে তাকে ভুলে যাই!
বড় আত্মগ্লানিতে ভুগতে থাকি,
রাত-দিন এক করি ভাবতে ভাবতে—গ্লানি বাড়তেই থাকে…