এখন রোজ নিয়ম করে,
সময় করে ফোন করি।
ফোনের ওপারে কেউ থাকে না,
আমি না থাকা লোকের সাথে
কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বলে চলি।
আমার সুখ-দুঃখ, ভালোবাসা,
কষ্টের কথা বলি,
যথারীতি ওপার থেকে কোনো জবাব আসে না।
কেউ ফোন কেটে দেয় না, কোনো অছিলায়—
আমি একতরফা কথা বলে চলি।
বেশ ভালো লাগে আমার এই
একতরফা কথোপকথন।
কেউ বিরক্ত হয় না, কেউ অযথা
আমার কষ্টে কষ্ট পাওয়ার ভান করে না,
আমার সুখবরে কেউ ঈর্ষান্বিত হয় না।
আমি রোজ মন খুলে কথা বলি, ঠিক ততক্ষণ
যতক্ষণ আমার কথা বলতে ইচ্ছে হয়।
আমার সব কথা ফুরালে,
মন শান্ত হলে ফোন কেটে দিই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।