তুমি কেন আমার মাধ্যাকর্ষণের বাইরে চলে যাও?
ফিরে এসো, ওখানে আমার টান সব শূন্য হয়ে যায়।
আমি চেয়ে চেয়ে দেখি তুমি বারবার চলে যাও,
অন্য সৌরজগতে আমার অনুরণনের বাইরে।
আমি চেয়ে চেয়ে দেখি নিম্নচাপের পর
কেমন ঝাঁকে ঝাঁকে কামিনী ফুটে ওঠে গাছে
কিন্তু ওরা তোমার মতোই খুব ক্ষণস্থায়ী,
ফোটে আর ঝুরঝুর করে ঝরে পড়ে বৃষ্টির মতোই মাটিতে।
এক একদিন বর্ষার সকালে, কখনো বা নির্জন দুপুরে,
কখনো বা মন খারাপ করা বিকেলে তুমি রামধনু হও পূব আকাশে,
কালো মেঘের উপরে সাত রঙের রামধনু।
তারপর হঠাৎ ঝুপ করে কেমন যেন ডুবে যাও আকাশের নীলিমায়।
এক দিন মাঝরাতে তুমি আসো, ঘন নীল শাড়িতে,
হাতে, গলায়, খোঁপায় লাল রক্ত করবীর মালা, নন্দিনীর সাজে।
তোমারও ভালোবাসার রং কি লাল রঞ্জনের মতো?
কিন্তু আমার তো সবুজ! কেমন যেন আলাদা আলাদা সব ॥
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।