মৃত্যুঃ ২১জৈষ্ঠ্য৩১
মৃত্যু তুমি সাবলীল ভাবে এসো—
আমার বালিশের পাশে দু’দণ্ড বসো,
এবার তোমার হিমশীতল হাতে স্পর্শ করো আমার কপাল—
ওহ! কী শান্তি!

দু’পা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে,
পুরুষাঙ্গ, নাভি, উদর মিলিয়ে যাচ্ছে,
বুক, বুকের ভেতর হৃৎপিণ্ড মিলিয়ে যাচ্ছে,
চোখের পলক ভারী হয়ে নেমে আসছে,
শ্বাস হালকা হচ্ছে -৩-২-১-০...

মৃত্যু, এবার আমার ডান হাতের তর্জনী ধরো—
বাবা যেভাবে প্রথম হাঁটতে শিখিয়েছিল,
সেভাবে আমায় নিয়ে চল শিংশপা বৃক্ষের নিচে,
যেখানে ‘মা’ আমার অপেক্ষায়।