রাসবিহারীর মোড়ে ছাদে লাগানো
হোর্ডিং থেকে বনলতা চেয়ে চেয়ে দেখে,
সন্ধ্যার ট্রাম দেশপ্রিয় পার্কের মুখে ঘুরে,
টোকা মারে বাজারের থলে হাতে তার প্রেমিকের পিঠে!
সেদিন বৃহস্পতিবার!
চাঁদ তখনও মুখ গুঁজে পূর্ব আকাশে!
কাতরে ওঠে জীবন, ছিটকে পড়ে রাস্তার পাশে,
হই হই করে ছুটে আসে লোকজন, নিয়ে যায় হাসপাতালে।
ঠিক এক সপ্তাহ পরে ক্ষয়িষ্ণু অর্ধচন্দ্র
আকাশ থেকে তার চলে যাওয়া দেখে,
ম্লান চোখে আশ্বিনের রাতে।
একটা পেঁচা ডাকে ছাতিমের ডালে।
"বনলতা" ট্রাম ঘণ্টা বাজিয়ে ছুটে যায় ময়দানের ঘাসে॥