কোনো এক বিষণ্ণ দুপুরে, শরীরভর্তি ক্লান্তি নিয়ে তোমার কাছে ফিরতে চাই। কোনো আয়োজন নয়, কোনো বিশেষ মুহূর্ত নয়—শুধু খুব সহজ ভঙ্গিতে তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকতে চাই।
সারাদিনের ক্লান্তি, অভিমান আর না-বলা কথাগুলো তোমার বুকের কাছে মাথা রেখে একটু একটু করে ভুলে যেতে চাই। তুমি হয়তো তখন আমার মুখের দিকে তাকিয়ে মায়াভরা চোখে হাসবে, আর আমি তোমার আঁচল দিয়ে মুখটা মুছে নিয়ে চাইবো কয়েকটি আলতো ছোঁয়া। খুব বেশি কিছু নয়, শুধু তোমার কাছাকাছি থাকার সেই শান্তিটুকু।
হয়তো এসব কথা কারও কাছে যুক্তিহীন মনে হবে। কেউ হয়তো বলবে, ভালোবাসা কি এমন ছোট ছোট চাওয়ার নাম? কিন্তু মায়াপরী, তুমি তো জানো—ভালোবাসার আসল সৌন্দর্যই বোধহয় এই ছোট ছোট চাওয়াগুলোতে। যেখানে কোনো হিসেব থাকে না, কোনো যুক্তি থাকে না; থাকে শুধু একজন মানুষকে নিজের সমস্ত মায়া দিয়ে আগলে রাখার ইচ্ছে।
শালিক পাখি পোষার মতো যত্ন করে তোমাকে ভালোবাসতে চাই। তোমার প্রতি আমার সমস্ত আদর, স্নেহ, মায়া আর যত্নটুকু জমিয়ে রাখতে চাই শুধু তোমার জন্য। তোমার মন খারাপের দিনে তোমার পাশে বসে থাকতে চাই, তোমার ক্লান্তির দিনে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে চাই, আর তোমার নীরবতার ভেতর লুকিয়ে থাকা কথাগুলোও কোনো প্রশ্ন ছাড়াই বুঝে নিতে চাই।
সন্ধ্যায় নীড়ে ফেরা কবুতরের মতো, সারাদিন শেষে তোমারও যেন একটা আশ্রয় থাকে। সেই আশ্রয়ের নাম হোক আমার বুক। দিনের সমস্ত ব্যস্ততা শেষে তুমি ফিরে আসবে আমার কাছে, আর আমি তোমাকে বুকের ভেতর এমনভাবে আগলে রাখবো—যেন পৃথিবীর কোনো ক্লান্তি তোমাকে আর ছুঁতে না পারে।
তুমি শুধু আমাকে তোমার মায়ায় রেখো, মায়াপরী।
জড়িয়ে রেখো সীমাহীন ভালোবাসায়।
আমার অস্থির পৃথিবীটাকে তোমার একটু ভালোবাসা দিয়ে শান্ত করে দিও।
আর রাত হলে—খুব বেশি কিছু চাই না। কিঞ্চিৎ খানিক তোমার সুবাস রেখে যেও আমার কাছে। তুমি হয়তো জানো না, আমার সহজে ঘুম আসে না। রাত যত গভীর হয়, ততই মনটা তোমাকে খুঁজতে থাকে।
হয়তো তোমার জানা নেই—তোমার গায়ের সেই মায়াবী ঘ্রাণটা আমার কাছে কতটা শান্তির। মনে হয়, তোমার সুবাসটুকু কাছে থাকলে পৃথিবীর সমস্ত অস্থিরতা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। চোখ দুটো আপনাআপনি বুজে আসে, আর আমি হারিয়ে যাই এক গভীর ঘুমের দেশে—যেখানে তুমি ছাড়া আর কেউ থাকে না।
ব্যস, মায়াপরী—
তোমার কাছে আমার চাওয়াগুলো এতটুকুই।
একটু আশ্রয়,
একটু মায়া,
কিছুটা আদর,
কয়েকটি আলতো ছোঁয়া,
আর রাতের অন্ধকারে তোমার সামান্য সুবাস।
এই সামান্যতেই আমার একটা সম্পূর্ণ রাত কেটে যাবে।
তারপর ভোর হবে।
জানালার ফাঁক দিয়ে নরম আলো এসে আমার চোখে পড়বে। আমি ঘুম ভাঙা চোখে তোমাকে খুঁজবো, আর মনে হবে—জীবনটা বোধহয় এতটাও কঠিন নয়, যদি দিনের শেষে তোমার কাছে ফিরে আসার মতো একটা ছোট্ট আশ্রয় থাকে।
মায়াপরীর কাছে—এক বিষন্ন দুপুরের চিঠি

মন্তব্য (1)