ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। মেঘনার বিস্তীর্ণ জলরাশির ওপর কুয়াশার পাতলা চাদর। দূরে জেলেদের নৌকা ঢেউ কেটে এগিয়ে চলছে। পুব আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়তেই নদীর জল চিকচিক করে উঠল সোনালি আলোয়। ম্যানগ্রোভ বনের ফাঁক দিয়ে হঠাৎ ছুটে গেল একদল চিত্রা হরিণ। কোথাও পাখির ডাক, কোথাও মহিষের ঘণ্টার শব্দ, আবার কোথাও ঝাউতলার সবুজে দখিনা বাতাসের মৃদু দোলা। চোখ জুড়ানো এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি রূপকথার কোনো রাজ্য। তবে সত্যিটা হলো, এই অপার্থিব দৃশ্যের দেখা মিলবে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়।
মেঘনার বুকে জেগে ওঠা এই দ্বীপে শুধু নদীর ঢেউ আর চর নয়, জড়িয়ে আছে ষোলো শতকের পর্তুগিজ অধ্যায়ের সমৃদ্ধ ইতিহাস, ম্যানগ্রোভ বন, মায়াবী হরিণ, দখিনা হাওয়া সি-বিচ, ল্যান্ডিং স্টেশন, ঝাউতলা, চারা বাগান এবং টাটকা মাছ ও ঐতিহ্যবাহী মহিষের দইয়ের লোভনীয় স্বাদ। সব মিলিয়ে একক বা পরিবার নিয়ে ঘুরে আসার জন্য মনপুরা এখন পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
মনপুরায় দর্শনীয় স্থানসমূহ:
মায়াবী হরিণ ও ম্যানগ্রোভ বন: চারা বাগান ও উপকূলীয় ম্যানগ্রোভ বনে অবাধে ঘুরে বেড়ায় বুনো হরিণের দল। খুব সকালে বা শেষ বিকেলে বনের ধারে গেলে দেখা মেলে চিত্রা হরিণের।
দখিনা হাওয়া সি-বিচ: বিকেল কিংবা সন্ধ্যায় সময় কাটানোর জন্য এর জুড়ি নেই। লালচে-সোনালি সূর্যান্ত আর মেঘনার ঝোড়ো হাওয়ায় এখানে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ।
ল্যান্ডিং স্টেশন ও ঝাউতলা: নদীর বুকে সান্ধ্যকালীন হাঁটা কিংবা ট্রলার ও নৌকার আনাগোনা দেখার দারুণ এক স্পট। ঝাউতলার ছায়াশীতল পরিবেশও ভ্রমণপিপাসুদের মন ভরায়।
কীভাবে যাবেন:
মনপুরা সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে যোগাযোগের মূল মাধ্যম নৌপথ।
ঢাকা থেকে লঞ্চে: ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মনপুরার উদ্দেশে লঞ্চ (যেমন: এমভি ফারহান, এমভি তাসরিফ ইত্যাদি) ছেড়ে যায়। পরদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এটি সরাসরি মনপুরার রামনেওয়াজ ঘাটে পৌঁছায়।
ভোলা হয়ে: ঢাকা বা বরিশাল থেকে সড়কপথে ভোলা সদরে এসে তজুমদ্দিন বা তজুমদ্দিনের হাকিমউদ্দিন ঘাট থেকে সি-ট্রাক, ট্রলার বা স্পিডবোটে করে মনপুরা পৌঁছানো যায়।
দ্বীপের ভেতরে যাতায়াত: রামনেওয়াজ ঘাট থেকে মনপুরা সদরে পৌঁছাতে সিএনজিচালিত অটোরিকশা বা মোটরসাইকেলই প্রধান ভরসা।
থাকা ও খাওয়ার ব্যবস্থা:
কোথায় থাকবেন: মনপুরা উপজেলা সদরে পর্যটকদের থাকার জন্য জেলা পরিষদের একটি সুন্দর ডাকবাংলো ও সিভিল সার্জনদের রেস্টহাউস রয়েছে (আগে থেকে অনুমতি বা বুকিং নিতে হয়)। এ ছাড়া মনপুরা রামনেওয়াজ ঘাট ও সদর বাজারে কিছু ভালো মানের বেসরকারি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে।
কী খাবেন: মনপুরার খাবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার চরাঞ্চলের মহিষের দুধের ঘন দই ও খাঁটি ঘি পুরো দেশজুড়ে বিখ্যাত। এ ছাড়া মেঘনার টাটকা ইলিশ, কোরাল, বোয়াল, ভিজে রূপচাঁদা এবং শীতে হাঁসের মাংসের বিভিন্ন পদ পর্যটকদের খাবারে দেবে ভিন্ন মাত্রা।
ভ্রমণে কিছু বিশেষ সতর্কতা:
আবহাওয়া সচেতনতা: নদীপথে ভ্রমণের আগে আবহাওয়া পূর্বাভাস দেখে নিন। সিগন্যাল থাকলে বা বৈরী আবহাওয়া থাকলে ট্রলার বা স্পিডবোটে নদী পারাপার এড়িয়ে চলুন।
লাইফ জ্যাকেট ব্যবহার: ছোট ট্রলার বা নৌকায় মেঘনা পার হওয়ার সময় অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে রাখুন ও পরিধান করুন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ: বনের হরিণদের কোনোভাবেই খাবার দেবেন না বা চিৎকার-চেঁচামেচি করে ভয় দেখাবেন না। প্লাস্টিক বা বোতল নদীতে বা বোনে ফেলে পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকুন।
জরুরি নগদ টাকা: দ্বীপাঞ্চলে সব জায়গায় অনলাইন পেমেন্ট বা এটিএম বুথ সহজলভ্য নয়, তাই প্রয়োজনীয় নগদ টাকা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।