না আছে রক্তের সম্পর্ক,
না তুমি আমার আপনজন,
তবুও কেন তোমার মায়ায়
আটকে আছি আমি সারাক্ষণ?
নিঃশব্দে মিশে গেছো তুমি
আমার প্রতিটি ভাবনার ভাঁজে,
অজান্তেই তোমার নামটা আসে
নির্জন রাতের নীরবতার মাঝে।
তোমার নাম হয়তো কেউ জানবে না,
জানবে না তোমার অস্তিত্বের কথা,
তবুও তুমি আমার ভেতরজুড়ে
লিখে গেছো মায়ার কবিতা।
এখন তুমি নেই আমার পাশে,
নেই তোমার ছোঁয়া, নেই কোনো অধিকার,
তবুও কেন মনে হয় তুমি আছো—
আমার হৃদয়ে, বারবার!
চোখের মাঝে, নিঃশ্বাসের মাঝে,
সব না-বলা কথার গভীরে,
তুমি আজও বেঁচে আছো নীরবে
আমার একান্ত অনুভূতির নীড়ে।
কি অদ্ভুত এক নেশা তুমি—
না পাওয়ার, না ভোলার,
দূরে থেকেও ভীষণ আপন,
অথচ অধিকারহীন ভালোবাসার।
তুমি আমার কেউ নও,
তবুও যেন সবটুকু জুড়ে আছো—
পৃথিবীর কাছে অচেনা হয়েও
আমার ভেতর চিরচেনা হয়ে বাঁচো।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।