নিজেকে আমি দেখছি। আর বুঝতে পারছি, আগের সকল সময়ের চেয়ে দ্রুত আমি আর আমার পরিবেশ বদলে যাচ্ছে। সে ঘটনা যেন আমাকে জানিয়েই ঘটছে। গত বেশ কটি বছর ধরে মনের কোনো একটা জিনিস, কোনো একটা দিক যেন দেবে যাচ্ছে। ভাগ্যের গতি যেন বুঝতে পারছি। মন থেকে স্বীকার করে নিয়েছি, আমার কিছু পাওয়ার কপাল নেই। তাই যা কিছু ভাবা যায় সব নিয়েই ভাবি, সব নিয়েই কথা বলি। তবে পাওয়ার কোনো নেশাও নেই। কিন্তু তবু ভাবতে ভীষণ কষ্ট হয়, যে যদি কিছু চাইও, পাব না। অনেক সময় মনে হয়, আমি বোধ হয় বেশিদিন বাঁচবো না। সবাই বাঁচার জন্য আসে না। কারন আমার মাঝে কীসের একটা গভীর হতাশা গভীর উদাসীনতা আছে। সারাক্ষণ সে তাড়িয়ে বেড়ায়। আমাকে সে মুক্ত হতে দেয় না। কত কথা আটকে আছে বুকে। কিন্তু যেই মাত্র বলতে চাই তখনই যেন সে ঔদাস্য জাগ্রত হয়। মনে হয় এ সত্য আমার নয়, আমার নয়। যে সত্যে আমার মন মুক্তি পায় না, যে সত্য আমায় অভয় দেয় না, বরং জড়িয়ে ধরে মারার চেষ্টা করে, সে সত্য আমার নয়, সে সত্য ধ্রুব নয়। তাই স্বপ্ন দেখি, কল্পনায় নিজের সত্য গড়তে চাই, তাকে বিশ্বাস হয় না, কিন্তু মানতে বড়ো ইচ্ছা হয়। বারবার স্মৃতির কতগুলো খন্ডচিত্র বিভীষিকার মতো আঁকড়ে ধরে। নিজেকে যেন কোথায় বার বার হারিয়ে ফেলি।