যে শহরে পিছু ডাকা বারণ
লেখক: আবরারুল হক মনির
মোবাইল: 01869099798
ই-মেইল: [email protected]
আমি আর হতে চাই না কারো মন খারাপের কারণ,
তাই গুটিয়ে নিলাম নিজেকে আজ, মেনে নিয়ে সব বারণ।
ভুলগুলো সব আমারই ছিল, চুকে যাক সব ঋণ,
স্মৃতিদের খামে জমে থাক শুধু, ফেলে আসা কটা দিন।
আমি যাচ্ছি চলে অকারণ—
যে শহরে পিছু ডাকা বারণ!
মিছে মায়াজালে কী হবে আর নতুন গল্প গেঁথে?
অপূর্ণতার শূন্যতাটুকু নিলাম মাথা পেতে।
কেউ তো এসে বলবে না আর, 'দাঁড়াও একটুক্ষণ',
ধুলো জমে যাক আমার নামে, পড়ে থাক সংগোপন।
আমি একাই বাড়াই চরণ—
যে শহরে পিছু ডাকা বারণ!
অন্ধকারের বুক চিরে আমি জ্বেলেছি একাকী আলো,
যার যা পাওয়ার পেয়ে গেছে সব, সবাই থাকুক ভালো।
নেই কোনো আজ পিছুটান আর, নেই মিছে আবরণ,
স্মৃতির শহরে স্বেচ্ছায় আমি নিয়েছি নির্বাসন।
আমি করছি সেথা বিচরণ—
যে শহরে পিছু ডাকা বারণ!
নীরবতাগুলো যেখানে আজ শব্দের চেয়েও ভারী,
সেই মানুষের দলেই আমি দিয়েছি অসীমে পাড়ি।
খুঁজো না আমায় চেনা ঠিকানায়, বাড়াতে বুকের দহন,
সব অধিকার ফিরিয়ে দিলাম, ছেড়ে দিয়ে সিংহাসন।
আমি সেথায় নিলাম শরণ—
যে শহরে পিছু ডাকা বারণ!

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।