[সমুদ্র থেকে যদি
অক্টোপাস বউ
বেরিয়ে আসতো
আমার খোঁজে,

হঠাৎ পায়ের কাছে—জল এসে বলত,
কেউ তোমার জন্য
অপেক্ষা করে আছে
সৈকতের অতল দেশে।

তার আটখানা হাত,
আটরকম অভিমান,
এক হাতে ভালোবাসা,
অন্য হাতে টান।

চুলে সামুদ্রিক শ্যাওলা,
চোখে নীল বিষাদ,
ঠোঁটে লেগে আছে
কয়েক হাজার —বছরের স্বাদ।

বলত, “ওগো মানুষ,
কতদিন আর—ডাঙায় থাকবে?
আমার ঘরে চলো,
তোমার ফুসফুসকে—ফুলকা বানাবো!

আমার সঙ্গে চলো,
প্রবালের বিছানায়,
চাঁদের আলো পৌঁছায় না—
এমন এক ঠিকানায়।

তোমার শরীর জড়িয়ে ধরবে
আমার আটটি বাহু,
তুমি হবে আমার জোয়ার,
আমি তোমার —সমুদ্রের ঢেউ।

তুমি যদি ভয় পাও,
আরও কাছে টেনে নেব,
তোমার চোখে চোখ রেখে
রাতভর ঘুমাবো!]