বুড়ি বউ

দ্বিতীয় পর্ব: পিচ্চি বরের বিপদ

— তামান্না বিষ খেয়েছে! তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়!

বাবার মুখে কথাটা শুনে প্রথমে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম।

তারপর বললাম,

— ওকে, আসছি।

ফোনটা কেটে দিয়ে মনে মনে বললাম,

বিষ খেয়েছে তো ভালোই করেছে! বাঁচা গেল একটা আপদের হাত থেকে!

কথাটা ভেবেই হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।

আরে সর্বনাশ! এ কী ভাবছি আমি!

একটু আগেই তো রাগের মাথায় তামান্নাকে বলেছিলাম, আমার সঙ্গে বিয়ে না হলে যা খুশি করতে পারে। এমনকি রাগ করে বলেছিলাম, মরে গেলেও আমার কিছু যায় আসে না।

এখন যদি সত্যিই মেয়েটার কিছু হয়ে যায়?

আর যদি কোনো সুইসাইড নোটে আমার নাম লিখে যায়, তাহলে তো একেবারে শেষ! পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। তারপর জেলখানায় বসে বসে বুড়ি বউয়ের কথা ভাবতে হবে!

হায় আল্লাহ! এ কোন বিপদে পড়লাম!

আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশে দৌড় দিলাম।

পুরো সাত মিনিট সাড়ে চৌদ্দ সেকেন্ডে হাসপাতালে পৌঁছে গেলাম।

হাসপাতালের করিডরে ঢুকতেই দেখি বাবা দাঁড়িয়ে আছেন।

আমি বাবার কাছে যেতেই—

ঠাসসসস!

গালে একটা চড় পড়ল।

আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম।

বাবা রাগে কাঁপতে কাঁপতে বললেন,

— কী বলেছিলি তুই তামান্নাকে? কী এমন কথা বলেছিস যে মেয়েটা বিষ খেতে বাধ্য হলো? যদি মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে কী হতো?

আমি মনে মনে বললাম,

মরলে তো বিপদটা আরও বাড়ত। এখনো মরে নাই, সেটাই তো শান্তি!

বাবা আবার বললেন,

— মেয়েটা তোকে ভীষণ ভালোবাসে। তুই সেটা বুঝিস না? এখন যা, ওর কেবিনে গিয়ে ক্ষমা চেয়ে আয়।

আমি আর কোনো কথা না বলে কেবিনের দিকে রওনা দিলাম।


কেবিনে ঢুকেই দেখি, মহারানি বিছানায় শুয়ে আছেন। হাতে স্যালাইন লাগানো। মুখে অসুস্থতার ছাপ থাকলেও চোখেমুখে সেই আগের দুষ্টু হাসি।

আমি বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম।

— সরি, আপু। পারলে ক্ষমা করে দিয়ো।

তামান্না চোখ খুলে আমার দিকে তাকাল।

— ক্ষমা করতে পারি। তবে একটা শর্ত আছে।

— কী শর্ত, আপু?

— এই যে! আবার আপু বললে কেন?

— তাহলে কী বলব?

— জানু বলে ডাকবে।

আমি একটু চিন্তিত হওয়ার ভান করে বললাম,

— জানু! জানু মানে তো হাঁটু! তাহলে তোমাকে হাঁটু বলে ডাকব?

— ওই হ্যাদারাম! আমি কি হাঁটু বুঝিয়েছি নাকি? জান থেকে জানু! বুঝেছ?

— ওহ! আচ্ছা, বুঝেছি। বুড়ি আপু!

— এই! আবার আপু বললে কেন?

— কই? আমি তো আপু বলিনি!

— এইমাত্র বললে!

— ওহ! আমি তো আসলে আই লাভ ইউ বলেছি।

তামান্না ভ্রু কুঁচকে বলল,

— মানে?

আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললাম,

— মানে খুব সহজ। প্রথমে ছিল 'আই লাভ ইউ'। তারপর আপডেট হয়ে হলো 'আই লেবুও'। আবার আপডেট হয়ে হলো 'আলাপু'। তারপর সবশেষে হলো 'আপু'! বুঝলে?

তামান্না হেসে বলল,

— ওরে বাবা! পোলাটা দেখি ভালোই জানে!

— দেখতে হবে না, কে আমি!

— হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। একেবারে পিচ্চি বর!

— এই! আমি কিন্তু পিচ্চি না। আমার দেখো, একটু একটু গোঁফ উঠেছে!

— তাই নাকি? বাহ! তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে!

— হুম। তোমার মতো বুড়ি মেয়েকে সামলানোর বয়সও হয়ে গেছে।

তামান্না মুখটা একটু গম্ভীর করে বলল,

— আচ্ছা, একটা কথা বলো তো। তুমি কি আমাকে বিয়ে করবে না?

আমি একটু আমতা আমতা করে বললাম,

— ই... ইয়ে... মা... মানে...

ঠিক তখনই পেছন থেকে বাবা বলে উঠলেন,

— ও যদি তোকে বিয়ে না করে, তাহলে তোর বাবাই তোকে বিয়ে করবে!

কথাটা শুনে আমি তো অবাক!

আম্মু সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকিয়ে বললেন,

— কী! এই বয়সে আবার বিয়ে করার শখ জেগেছে নাকি?

বাবা এবার আমতা আমতা করে বললেন,

— আরে না না! আমি তো কথার কথা বললাম!

আম্মু চোখ বড় করে বললেন,

— আর কোনো দিন যদি এমন কথা শুনেছি, তাহলে কিন্তু খবর আছে!

আমি মনে মনে বললাম,

বাহ! আমার বিয়ে নিয়ে কথা বলতে এসে বাবারই দেখি দ্বিতীয় বিয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছিল!

এরপর বাবা গম্ভীর হয়ে বললেন,

— শোন, তোদের বিয়ে আমরা দুই দিনের মধ্যেই দিয়ে দেব।

কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।

মনে মনে বললাম,

নে ঠেলা! এবার এই বুড়িটাকেই বিয়ে করতে হবে!

হায় কপাল! কপালের নামই বুঝি গোপাল!

আম্মু আনন্দে বললেন,

— তাহলে আর দেরি কেন? কাল গায়ে হলুদ, পরশু বিয়ে! চলো, সবাই প্রস্তুতি শুরু করি।

আমি মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম।

আর তামান্না?

তিনি তো বিছানায় শুয়েই হাসতে হাসতে শেষ!


ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল।

স্ক্রিনে তাকিয়ে দেখি, আমার দ্বিতীয় জিএফের ফোন।

মনে মনে বললাম,

আরে বাবা! এখন আবার কার পালা!

কল রিসিভ করলাম।

— হ্যালো!

ওপাশ থেকে রাগী কণ্ঠ ভেসে এল।

— কোথায় তুমি? আর এসব কী শুনছি?

— আমি তো বাইরে আছি। কী শুনেছ?

— শান্ত ভাইয়াকে যা বলেছ, সব শুনেছি!

মনে মনে বললাম,

নে ঠেলা! সালা শান্ত! সবকিছু একেবারে অশান্ত করে দিল!

মুখে কিছুই বুঝিনি এমন ভাব করে বললাম,

— আমি আবার কী বলেছি গো?

— তোমার নাকি বিয়ে?

— হুম।

— কী বলছ এসব? সত্যি নাকি?

— হ্যাঁ, সত্যি।

— তাহলে আমাদের সম্পর্কের কী হবে?

আমি খুব স্বাভাবিকভাবে বললাম,

— কেন? সোজা ভাষায় যাকে বিচ্ছেদ বা ব্রেকআপ বলে, সেটাই হবে।

— এটা তুমি বলতে পারলে?

— হুম। করার তো কিছু নেই।

— ঠিক আছে। গুডবাই!

কথাটা বলেই সে ফোন কেটে দিল।

আমি ফোনের দিকে তাকিয়ে মনে মনে হিসাব করতে লাগলাম।

এখনো তো চারজন আছে!

কিন্তু চিন্তা হচ্ছে, এভাবে যদি একজন একজন করে চলে যায়, তাহলে শেষ পর্যন্ত আমার কী হবে?

হায়রে প্রেম! হায়রে জীবন!


এদিকে তামান্না আমাকে হাতের ইশারায় ডাকল।

— এই পিচ্চি বর!

— কী?

— আমাকে একটু খাইয়ে দেবে?

— পারব না।

— কেন?

— তুমি কি ছোট বাচ্চা নাকি? নিজে খেতে পারো না?

— তুমি খাইয়ে দেবে কি না, সেটা বলো।

— না, না, না! একদম পারব না।

তামান্না এবার একটু জোরে বলল,

— আচ্ছা, তাহলে আঙ্কেলকে ডাক দিই?

— ডাকো! তবুও পারব না।

তামান্না গলা উঁচু করে ডাকতে শুরু করল,

— আং... কে... ল!

আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরলাম।

— আরে আরে! চুপ করো! কী হয়েছে তোমার?

সে মুচকি হেসে বলল,

— তাহলে খাইয়ে দেবে?

আমি বিরক্তির সঙ্গে বললাম,

— আচ্ছা বাবা, দিচ্ছি! এবার চুপ করো।

শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিজের হাতে ওকে খাবার খাইয়ে দিলাম।

মেয়েটার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারে!

খাওয়া শেষে তামান্না বলল,

— জানো, আজ আমার খুব ভালো লাগছে।

— কেন?

— কারণ আজ তুমি নিজে হাতে আমাকে খাইয়ে দিলে।

আমি একটু হেসে বললাম,

— আরে, এমন কিছু না। তোমার হাতের স্যালাইন খুলে গেলে আবার আমাকে খাওয়াতে হবে না তো!

তামান্না মুখ বাঁকিয়ে বলল,

— যাও! তোমার সঙ্গে কথা বলব না।

আমি মনে মনে হাসলাম।


কিছুক্ষণ পর তামান্নাকে নিয়ে আমরা সবাই বাসায় ফিরে এলাম। ডাক্তার প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সবাই ওকে নিয়ে ব্যস্ত।

কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা।

কাল গায়ে হলুদ!

পরশু বিয়ে!

আর আমার পাঁচটা জিএফের মধ্যে দুজনের সঙ্গে তো এরই মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেল!

হায় আল্লাহ! বিয়ের আগে এত হিসাব রাখতে হবে, কে জানত!

রাত তখন প্রায় বারোটা।

অনেক ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম, এবার একটু ঘুমানো যাক।

ঠিক তখনই আবার ফোন বেজে উঠল।

স্ক্রিনে তাকিয়ে দেখি, তামান্নার ফোন।

প্রথমে ভাবলাম, ধরব না। কিন্তু কখন যে রিসিভ করে ফেলেছি, নিজেও বুঝতে পারলাম না।

— হ্যালো!

ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এল।

— হ্যালো, পিচ্চি বর! কথা বলছ না কেন?

আমি বিরক্ত হয়ে বললাম,

— কী হয়েছে? এত রাতে ফোন করেছ কেন?

— কেন? ফোন করতে মানা আছে নাকি?

— না, মানা নেই। কিন্তু...

— কিন্তু কী?

— কিছু না। যা বলার তাড়াতাড়ি বলো। আমার খুব ঘুম পাচ্ছে।

— ওহ! তাই বুঝি?

— হুম।

— খেয়েছ?

— না।

— কেন?

— এমনি।

— আমিও এখনো খাইনি।

— তো আমি কী করব?

— তুমি না খেলে আমিও খাব না।

— না খেলে আমার কী?

তামান্না এবার কিছুক্ষণ চুপ করে রইল।

তারপর অভিমানী কণ্ঠে বলল,

— হ্যাঁ, তোমার কী! আমি কে হই তোমার? একটা বুড়ি মেয়ে, যে শুধু তোমার একটু ভালোবাসা চায়। কিন্তু তুমি তো আমাকে দুই চোখে দেখতেই পারো না!

শেষের কথাগুলো বলতে বলতে সে কেঁদে ফেলল।

আমি কিছুক্ষণ চুপ করে রইলাম।

জানি না কেন, হঠাৎ মেয়েটার জন্য খুব মায়া হলো।

একটু আগেও যার সঙ্গে এত ঝগড়া করছিলাম, সেই মেয়েটার কান্না শুনে নিজের ভেতরটা কেমন যেন হয়ে গেল।

আমি নরম গলায় বললাম,

— আই অ্যাম সরি।

— সরি কেন? আমি তো তোমার কেউ না।

— কে বলেছে তুমি আমার কেউ না?

— কেন? তুমি তো নিজেই বলেছিলে।

— আরে, আমি বলিনি গো। ওটা আমার জমজ ভাই বলেছিল!

তামান্না অবাক হয়ে বলল,

— তোমার আবার জমজ ভাই কোথা থেকে এল?

— কেন? আমি নিজেই তো আমার জমজ ভাই!

— ওরে পাজি!

— কী?

— আমি তোমার কী?

আমি একটু হেসে বললাম,

— তুমি আমার কাকের পেত্নী!

— মানে?

— মানে, আমার কাকের পেত্নী বুড়ি বউ। অবশ্য এখনো হবু বউ!

— ও তাই বুঝি, পিচ্চি?

— হুম!

তামান্না কিছুক্ষণ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করল,

— আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো?

আমি একটু থেমে বললাম,

— হুম, বাসি তো।

কথাটা বললাম ঠিকই, কিন্তু মনের ভেতর তখনো ভালোবাসা নিয়ে অনেক প্রশ্ন।

তামান্না আবার বলল,

— সত্যি, পিচ্চি?

— হুম।

— থ্যাংক ইউ!

— কীসের জন্য?

— আমাকে এত সুন্দর একটা কথা বলার জন্য। আচ্ছা, এবার ডিনার করে নিও। আর বেশি রাত জেগো না। গুড নাইট।

— ওকে। গুড নাইট।

ফোনটা কেটে গেল।

আমি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম।

মেয়েটা সত্যিই অদ্ভুত!

একটু আগে হাসপাতালে ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। অথচ আমার খাওয়া হয়েছে কি না, সেটাই তার চিন্তা!

কিন্তু একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছিল না।

আমি কি সত্যিই ওকে ভালোবাসতে পারব?


ভালোবাসা নিয়ে আমার কিছু কথা

আমি আসলে ভালোবাসা খুব একটা বিশ্বাস করি না।

অনেকে হয়তো প্রশ্ন করবেন, কেন?

কারণ, আমার জীবনে দেখা কিছু সম্পর্ক আমাকে ভালোবাসা সম্পর্কে খুব তিক্ত ধারণা দিয়েছে। আমার মনে হয়, অনেক মানুষ ভালোবাসার নামে স্বার্থ খোঁজে। কেউ অর্থের জন্য, কেউ নিজের প্রয়োজন মেটানোর জন্য, আবার কেউ শুধু সময় কাটানোর জন্য সম্পর্কে জড়ায়।

তবে আমি এটাও বিশ্বাস করি, পৃথিবীর সব মানুষ এক রকম নয়।

ইতিহাসে লাইলি-মজনু, শিরি-ফরহাদের মতো প্রেমের কাহিনি রয়েছে। তাঁদের ভালোবাসার গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁদের জীবনের পরিণতি সুখের না হলেও, তাঁদের প্রেমের প্রতি মানুষের আগ্রহ এখনো কমেনি।

বর্তমান সময়েও সত্যিকারের ভালোবাসার মানুষ আছে। হয়তো তাদের সংখ্যা কম, কিন্তু একেবারে নেই, তা বলা যাবে না।

আমার বন্ধু সুমনের জীবনেও এমন একটি প্রেমের গল্প রয়েছে, যা আমার ভালোবাসা সম্পর্কে অনেক ধারণা বদলে দিয়েছিল। সেই গল্পটা অন্য একদিন বলব।

আর একটা কথা বলতে চাই।

ভালোবাসার নামে কাউকে প্রতারণা করবেন না। কারও আবেগ নিয়ে খেলবেন না। কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার জীবনটাকে এলোমেলো করে দেবেন না।

একবার ভাবুন, যে মেয়েটির সঙ্গে আপনি প্রতারণা করছেন, তারও একটা পরিবার আছে। তারও মা-বাবা, ভাই-বোন আছে। আপনার ঘরেও মা-বোন আছে।

আপনি যেমন নিজের পরিবারের সম্মান ও ভালোবাসা চান, অন্যের পরিবারের প্রতিও তেমন সম্মান দেখান।

কারও অনুভূতিকে খেলনা বানাবেন না।

আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


যাই হোক, অনেক রাত হয়েছে।

কাল আমাদের গায়ে হলুদ!

আমার জীবনে প্রথমবার নিজের বিয়ের গায়ে হলুদ দেখতে যাচ্ছি। অথচ যার সঙ্গে বিয়ে, তাকে এখনো মন থেকে বউ হিসেবে মেনে নিতে পারিনি।

তবে একটা বিষয় স্বীকার করতেই হবে।

তামান্নার প্রতি আমার মায়া একটু একটু করে বাড়ছে।

কিন্তু সেটা কি ভালোবাসা, নাকি শুধুই মায়া?

সময়ই হয়তো উত্তর দেবে।

এখন শুধু একটা কথাই ভাবছি,

একটা চার বছরের বড় মেয়ের সঙ্গে আমার বিয়ে হলে, ভবিষ্যতে আমাকে কি সারাজীবন পিচ্চি বর হয়েই থাকতে হবে?

হায় কপাল!

কাল গায়ে হলুদ। দেখা যাক, এরপর কী হয়!

চলবে...