বড়ই অসময়ে নতজানু
ঘোষিত আত্মপ্রকাশে,
অকাল মৃত্যুর শংকায়
পেয়েছি তোমাকে আভাষে।

দাপটে বিশ্বের মৃত্যু-মিছিল
নিচ্ছ বেঁধে আঁচল পেতে,
ঘরে হাসপাতালের দ্বারে
ধ্বংসের উৎসব উঠেছে মেতে।

একদিন তোমাকে ফিরতে হবে
অহংকার-হীন দেহ নিয়ে,
মানব তোমাকেই করবে বন্ধু
বিজ্ঞানের সভ্যতা দিয়ে।

বাতাস ও আকাশের নীল
আবার লাগবে অগাধ চেনা,
বরফের পিঠে পাহাড়ের ঢেউ
সূর্য ঘেঁষে সবুজের আনাগোনা।

পাশে বয়ে যাওয়া সেই নদী
দেবে কল্লোলিনীর হাতছানি,
শশীর কিরণ স্রোতের বুকে
ভুলেই যাবো মৃত্যুর বাণী।

সব অতিথির পাশ ঘেসে
এলে অচেনা নূতন অতিথি,
তোমাকে মানিয়ে নিতে সংসারে
আমাদের হবে নাকো ক্ষতি।