প্রথম দিনের বৃষ্টি

গ্রীষ্মের শেষে
বর্ষার প্রথম দিনের বৃষ্টি ।

পশ্মিম আকাশে সাদা-কালো মেঘ
হিল্লোল তুলে একাকি হৃদয়ে-রেখে যায়
বাতায়ন পাশে বিরহিনীর চোখে সিক্ত দৃষ্টি,
বর্ষার প্রথম দিনের বৃষ্টি ।

উদাস আঁখি পাখা মেলে খুঁজে পেতে চায়
এমন বিজনে প্রানের আপনজন-
ক্ষণিকে চকিতে মেঘের বিজলি
বহুদিন পরে সজল ভালে
আকাশ করে পৃথিবীকে চুম্বন,
প্রান ভরা কাতর করা
নারীর হৃদয়ে দিল কামনার সৃষ্টি
বর্ষার প্রথম দিনের বৃষ্টি ।

বৃষ্টির প্রথম দিনে
আকাশ-ভেলায় মেঘের কোলাকুলি-
তৃষিত পৃথিবীর বুকে কোমল পরশ
জাগালো হরষ বিবাগী মনের প্রেম-ঝুলি
ভাব আর ভাবনার-এপার ওপার
কিশোর-কিশোরী পেল যে মিলন দৃষ্টি
বর্ষার প্রথম দিনের বৃষ্টি ।