বারবার কষেও শেষ ফলটা বের করতে পারছি না
জীবনের খাতায় বড়ই জটিল অংকের পাতায়
ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন খাতার কত না পাতা
পৃষ্ঠার পর পৃষ্ঠা! নষ্ট করছি আর ভাবছি।
কক্ষের ভিতরে বাড়ছে ছেঁড়া পাতার স্তুপ।
হাঁফিয়ে উঠছি আর পানি পান করছি
এক গ্লাস, সাথে বহু গ্লাস আরো
একবার উঠে বাইরে যাচ্ছি, ফিরে আসছি
একবার বসছি, সাথে বারবার বসছি।
চোখটা বন্ধ করে, আঁধারের পৃথিবীতে
মনের অংকটা কষছি, হারছি
ভেবে ভেবে সময়ের কাঁটা হারিয়ে
বুঝছি, না বুঝাটা কতই না জটিল।
ছিঁড়ছি আর ফেলছি খাতার পাতা
মগজের খোলসে লাগছে গিট্টুটা
ঘিলু বুঝি আজ লাগবে না কাজে
গিঁট লেগেছে প্রতিটি শিরায়।
অংকটা ছিল প্রথম পাতায়
মানবকষায়, সরল নামে
ল.সা.গু আর গ.সা.গুতে
সব ফল আজ জট বেঁধেছে।
যতই এগিয়ে যাই অংকটার সূত্র ধরে
ততই পড়ছি আমি ভীষণ ধাঁধায়।
মিলবে কি মিলবে না, জানি না
কষে যেতেই হবে অংকটা।
বারবার, একবার মিলবে যদিও
ফলাফল পেয়ে যাব শেষবার
ফলাফল শেষটায় শুন্যতায়।
মন্তব্য (11)