নিশাচরের ডানায় ভর করে
সমাচ্ছন্ন চেতনার গভীরে
রাত নামে।

কিছু বেওয়ারিশ ভাবনা
নির্ভীক হেঁটে যায়
চোরা গলির পথ ধরে।

বিধ্বস্ত ক্লান্তির আঁধারে
করাল দাঁত বের করে
গিলে খেয়ে নেয়
সময়ের অরক্ষিত ফুল।

বাতাসে ভেসে বেড়ানো
অতৃপ্ত আত্মারা
কঠোর বিদ্রোহে ভাঙে আর
টুকরো টুকরো করে
প্রগাঢ় আঁধার।

রাতের গোপন আতাতে
অন্ধকার চেতনারা
নিজেকে বাজী রাখে
আলোকিত সময়ের উজানে ॥