তুমি চেয়েছিলে বলেই
আমি এখনো রোদ
শরীর জুড়ে ইচ্ছার আগুন,
তুমি বৃষ্টি হবে বলে
মেঘের শরীর নিয়ে
কেবলি আস্ফালনে ভেঙেছ আকাশ -
তবু এখনো কোনো কথা রাখনি।
ভালবাসার নাগরিকত্ব পাওয়ার জন্য
বছরের পর বছর ধরে
অপেক্ষার সিঁড়ি পেরিয়ে পেরিয়ে
অপেক্ষার উপত্যকার প্রান্তে এসেও
তোমার হৃদয়ে এখনও প্রবাসী।
এসব তোমার কাছে পদ্মপাতায় জল।
আমার অনুভবে তুমি কেবলি
তৃষার্ত চাতকের উৎকন্ঠিত ক্লান্তি
তবু, কখনো বৃষ্টি হতে পারোনি।
মন্তব্য (4)