মানুষগুলো পুতুল এখন
সাইয়িদ রফিকুল হক

মানুষগুলো পুতুল হয়ে
চলছে পরের হাতে,
বন-শুয়োরও ছলে-বলে
উঠছে এখন জাতে!

হরেক রঙের বাহার দেখে
যায় না চেনা মানুষ,
রূপ দেখে তাই হয় যে মনে
এরা বুঝি ফানুস!

অসীম স্বার্থে বিবেক নষ্ট
মনটা আবার পরের,
মানুষগুলোর মাথা গেছে
কীই-বা আছে নিজের?

পরের হাতের পুতুল হয়ে
বেড়ায় চষে পাতাল,
লোভসাগরে ডুবে-ডুবে
সবাই আজই মাতাল!

একদিন যারা মানুষ ছিল
আজকে তারা পুতুল,
ভুল ভেঙে কি জাগবে এদের
স্বর্ণবিবেক অতুল?


সাইয়িদ রফিকুল হক
২৬-১১-২০২২